মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর এবার নিজেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমরা ভারতকে চিনের কাছে হারিয়ে ফেলেছি।” অথচ সেই ট্রাম্পই এখন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প-জিনপিং বৈঠকের প্রস্তুতি

রিপোর্ট অনুযায়ী, আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ কোরিয়ার গেয়ংজু শহরে আয়োজিত হতে চলা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) সম্মেলনে ট্রাম্প যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। এই সম্মেলনেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করার চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং কোয়াডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এবছর ভারতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ট্রাম্পের এই সফরে ভারত আসার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করা হয়েছে।

এর আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন সফরে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন, তখন মার্কিন কর্মকর্তারা ভারতকে আমেরিকার সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো তো ভারতকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেছিলেন। অথচ সেই ট্রাম্পই এখন জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চাইছেন।

এছাড়াও, সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে শি জিনপিং, মোদী এবং পুতিনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই বৈঠকে মোদী ও পুতিন একই গাড়িতে ৪৫ মিনিট ভ্রমণ করেন এবং প্রায় এক ঘণ্টা ধরে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। পশ্চিমা বিশ্বের নেতারা এই বৈঠক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।