সরকারি জমি প্লট করে বিক্রি, কাঠা প্রতি ৭৫ হাজার টাকা, অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে প্লট তৈরি করে বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের দাসগড়ে। অভিযোগ, রাতারাতি পাঁচিল তুলে বাড়ি তৈরি করে তৈরি হয়েছে গোটা কলোনি। শুধু তাই নয়, কাঠা প্রতি ৬৫ থেকে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এই জমি। ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
জানা গেছে, মঙ্গলকোটের বাদশাহি রোডের পাশে মাহাতুবা দাসগড় দিঘির পাড়ে প্রায় পাঁচ বিঘা সরকারি খাস জমি রয়েছে। এই জমিতে একসময় পেয়ারা বাগান ছিল। অভিযোগ, সেই পেয়ারা গাছ কেটে জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে তাঁরা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতাদের থেকে এই জমি কিনেছেন।
অভিযুক্তদের বক্তব্য:
এক বাসিন্দা ধনঞ্জয় দাস বলেন, “এলাকার এক তৃণমূল নেতার কাছ থেকে ৬৫ হাজার টাকা কাঠায় এই জায়গা কিনেছিলাম।” অভিযোগ উঠেছে যে মঙ্গলকোটের স্থানীয় এক ‘প্রভাবশালী’ নেতার ইশারাতেই এই বেআইনি কর্মকাণ্ড চলছে।
প্রশাসনের কড়া পদক্ষেপ
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, “আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। কারা এই সরকারি জমি দখল করে প্রাচীর দিয়েছে, তা তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে। দ্রুত ওই জায়গায় সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হবে।”
অন্যদিকে, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এই ঘটনায় কঠোর মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, “সরকারি খাস জমি দখল করে কেউ বিক্রি করতে পারবেন না। এই ধরনের কোনো অভিযোগ পেলে আমি দলকে জানাব।”
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রশাসনের কড়া পদক্ষেপের পর এই বেআইনি কারবার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।