ইলিশ-চিংড়ি ও জিলিপি! শিক্ষক দিবসে এলাহি ভোজে খুশিতে আত্মহারা পড়ুয়ারা

শিক্ষক দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের মেনু দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে সকলের। ডিম-ভাতের বদলে ঝিঙে-চিংড়ি, আলুপোস্ত, এবং ইলিশ মাছের ঝাল! সঙ্গে মিষ্টিমুখের জন্য ছিল মুগের জিলিপি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের সামাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করেন।

বাজারের চড়া দামের কারণে এখন অনেক পরিবারেই ইলিশ মাছ খাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই স্কুলে যখন ইলিশ মাছ খাওয়ানোর কথা জানতে পারে, তখন পড়ুয়াদের আনন্দ আর বাঁধ মানছিল না। স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী বৃষ্টি জানিয়েছে, “আজ খুব মজা! দুপুরে ঝিঙে-চিংড়ি, ইলিশ আর আলুপোস্ত খাবো।” আরেক ছাত্র সৌমেন বাগ বলেছে, “এ বছর বাড়িতে এখনও ইলিশ হয়নি। আজ স্কুলে ইলিশ, চিংড়ি আর জিলিপি খেলাম, তাই অন্য দিনের চেয়ে বেশি ভাত খেয়েছি।”

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ প্রামাণিক জানিয়েছেন, “ওরা আমাদের সন্তানের মতো। তাই শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে আজ এই আয়োজন করা হয়েছে। ইলিশ আর চিংড়ির টাকা আমরা শিক্ষকরাই দিয়েছি। শুধু মিষ্টির জন্য একজন অভিভাবক টাকা দিয়েছেন, সেই টাকায় মুগের জিলিপি তৈরি হয়েছে। বাচ্চাদের খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগছে।”

শিক্ষক-দিবসের এই বিশেষ আয়োজন যেন ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে এক ভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করেছে। ১১০ জন পড়ুয়াকে নিয়ে এই উদ্যোগটি সবার প্রশংসা কুড়িয়েছে।