গভীর রাতে দেওয়াল ভেঙে মর্মান্তিক মৃত্যু মা ও দুই মেয়ের, মন্দিরবাজার এলাকায় শোরগোল

মর্মান্তিক এক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মা বৃহস্পতি কর্মকার (৪৩) এবং তাঁর দুই নাবালিকা মেয়ে শিলা কর্মকার (১৫) ও প্রিয়া কর্মকার (১০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায়।

ভয়াবহ দুর্ঘটনা, শোকে স্তব্ধ গ্রাম
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজেদের মাটির বাড়িতে ঘুমিয়েছিলেন মা ও তাঁর দুই মেয়ে। ভোররাতে হঠাৎ করেই ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে এবং তিনজনই চাপা পড়ে যান। কোনো কিছু ভেঙে পড়ার শব্দ পেলেও ঘুমের কারণে প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। সকালে উঠে গ্রামবাসীরা দেখেন, দেওয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন তিনজন। মুহূর্তে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

গ্রামবাসীরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ।