দিঘায় হোটেল, হুগলিতে কারখানা! শিল্প-আবাসনের জন্য জমি ব্যবহারে এবার বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

শিল্প ও আবাসন খাতের প্রসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে, পূর্ব মেদিনীপুরের দিঘা ও হুগলির পোলবায় নতুন শিল্প ও বাণিজ্যিক প্রকল্পের জন্য জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

কোথায় কত জমি?
দিঘা: হিডকোকে ই-অকশনের মাধ্যমে দিঘায় হোটেল ও বাণিজ্যিক ব্যবহারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।

পোলবা: টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে পোলবায় একটি নতুন কারখানা স্থাপনের জন্য জমি দেওয়া হবে।

লিলুয়া: হাওড়ার লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক পার্ক তৈরির জন্যও ফ্রি হোল্ড জমি বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও, একাধিক নন-রেসিডেন্সিয়াল প্লটকে আবাসন প্রকল্পে রূপান্তরের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন হাউজিং এস্টেট তৈরি করা সম্ভব হবে। তবে এই রূপান্তরের জন্য একটি নির্দিষ্ট সরকারি ফি ধার্য করা হবে, যার বিস্তারিত নীতি পরবর্তীতে রাজ্য সরকার প্রকাশ করবে।

এই পদক্ষেপগুলোর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও লিজ এবং ফ্রি হোল্ড জমি বরাদ্দের সবুজ সংকেত মিলেছে। এই সিদ্ধান্তগুলো রাজ্যের শিল্পায়ন এবং আবাসন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।