কুনালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন, পালটা তোপ কুনালের!

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুণাল ঘোষের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ তুলেছেন মিঠুন। তবে এই অভিযোগের জবাবে কুণালও পাল্টা আক্রমণ শানিয়েছেন।
মিঠুনের অভিযোগ, কুণাল ঘোষ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, কুণাল এও বলেছেন যে, মিঠুন শুধুমাত্র নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া, মিঠুনের ছেলে ধর্ষণের মামলায় জড়িত এবং তার স্ত্রীও আর্থিক লেনদেনে যুক্ত বলে কুণাল মন্তব্য করেছেন, যা মিথ্যে বলে দাবি করেছেন মিঠুন। এই সব মন্তব্যের জন্যই তিনি ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
মিঠুনের মামলার জবাবে কুণাল ঘোষ এক বিন্দুও পিছু হটতে রাজি নন। তার সাফ কথা, “যার মান থাকে, তার মানহানি হয়। তার মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন, তার মানসম্মান আছে?” কুণাল আরও জানিয়েছেন, চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে মিঠুনের কী সম্পর্ক ছিল, তা তিনি আদালতে প্রমাণ করবেন। তিনি চান, পুরো বিষয়টির সিবিআই তদন্ত হোক।
এই মামলা এখন রাজনৈতিক এবং আইনি উভয় অঙ্গনেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।