ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা, উদ্ধার ভারতীয় আধার ও প্যান কার্ড! জানুন কী ঘটেছিল?

লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশের পর এবার চাঞ্চল্য ছড়ালো ইন্দো-নেপাল সীমান্তে। খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে গ্রেফতার করা হয়েছে এক ইন্দোনেশিয়ার মহিলাকে। তাঁর কাছ থেকে দু’টি ভিন্ন নাম সম্বলিত ইন্দোনেশিয়ার পরিচয়পত্র ছাড়াও ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং একাধিক দেশের ভিসা উদ্ধার করা হয়েছে।
কীভাবে ধরা পড়লেন ওই মহিলা?
এসএসবি (SSB) সূত্রে খবর, নেপাল যাওয়ার জন্য ওই মহিলা নিজের নাম নিয়োমান মুরনি বলে পরিচয় দেন এবং সীমান্ত পার হওয়ার জন্য ভারতীয় আধার কার্ড দেখান। কিন্তু তাঁর আচরণে সন্দেহ হওয়ায় এসএসবি জওয়ানরা তাঁকে আটক করে। এরপর তাঁর ব্যাগ তল্লাশি করে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়।
তাঁর ইন্দোনেশিয়ার পরিচয়পত্রে দু’টি নাম পাওয়া গেছে— নিয়োমান মুরনি এবং নি কাদেক সিসিয়ানি। ভারতীয় আধার ও প্যান কার্ডে নিয়োমান মুরনি নাম রয়েছে। এই ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ২২ জুলাই, অন্যদিকে নেপালের পর্যটক ভিসার মেয়াদ শেষ হয়েছে ৫ সেপ্টেম্বর।
গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
তদন্তে জানা গেছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে ভারতীয় আধার কার্ড ব্যবহার করে মুম্বাইয়ের বরলীতে থাকতেন এবং দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। সম্প্রতি ভারতীয় ভিসা না পাওয়ায় তিনি নেপালের পর্যটক ভিসায় কাঠমান্ডু আসেন। সেখান থেকেই ভারতীয় আধার কার্ড ব্যবহার করে সীমান্ত পার হয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার চেষ্টা করেন।
গোয়েন্দাদের কাছে তিনি স্বীকার করেছেন যে, দালালদের মাধ্যমে তিনি ভারতীয় আধার ও প্যান কার্ড তৈরি করিয়েছেন। এছাড়াও, তিনি ভারত ছাড়াও তুরস্কে যাতায়াত করতেন বলে জানিয়েছেন। এই মহিলাকে আপাতত খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজ শুক্রবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তকারীরা তাঁর ঘন ঘন মুম্বাই ভ্রমণ এবং একাধিক পরিচয়পত্র নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।