অবসরের ৭ বছর পরেও বেতন ছাড়া পড়াচ্ছেন এই শিক্ষিকা, অনুপ্রেরণা গোটা সমাজের!

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তখন সম্পূর্ণ এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল তমলুকের খোস্টিকরি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রাক্তন শিক্ষিকা তৃপ্তি বক্সি। তিনি ২০১৮ সালে অবসর নিলেও, গত সাত বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই নিয়মিত স্কুলে আসছেন এবং ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন।
১১৭ জন ছাত্র-ছাত্রীর এই স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র চার জন। প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই স্কুলে তিনি নিয়মিত সময় দেন। শুধু পড়ানোই নয়, অন্য কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে, তার খোঁজখবরও নেন। চাকরিজীবনে মাত্র ১১ দিন ছুটি নিয়েছিলেন, আর অবসরের পর আজও একদিনও কামাই করেননি। প্রতিদিন সকাল ১০টায় স্কুলে আসেন এবং বিকেল ৪টায় বাড়ি ফেরেন। নিজের সম্পর্কে তৃপ্তি দেবী বলেন, বাচ্চাদের পড়ানোর মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। এটি তার কাছে শুধুই একটি কাজ নয়, বরং নিজের ভালোবাসা ও নেশা।
তৃপ্তি দেবীর এমন নিঃস্বার্থ কাজে খুশি স্কুলের প্রধান শিক্ষক সুমিত সামন্তও। তিনি বলেন, “আজ যখন সমাজে শিক্ষকদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে, তখন তৃপ্তি দেবী সত্যিই এক ব্যতিক্রমী মানুষ। তিনি শিক্ষক সমাজের কাছে এক বড় অনুপ্রেরণা।”
তৃপ্তি দেবীর এই বিরল দৃষ্টান্ত শিক্ষক দিবসের প্রাক্কালে গোটা সমাজের জন্য এক উজ্জ্বল বার্তা বয়ে এনেছে। তিনি প্রমাণ করেছেন যে শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত।