বিস্ময়কর সিদ্ধান্ত ট্রাম্পের! পেন্টাগনের নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রক’, কারণ কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক আদেশে পেন্টাগনের নাম পরিবর্তন করে দিয়েছেন। এখন থেকে পেন্টাগন প্রতিরক্ষা মন্ত্রক নয়, বরং ‘যুদ্ধ মন্ত্রক’ নামে পরিচিত হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাম বদলের কারণ কী?
শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা এটিকে প্রতিরক্ষা মন্ত্রক বলি, তবে আমার মতে আমরা এর নাম পরিবর্তন করতে যাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছি — তখন এটিকে ‘যুদ্ধ মন্ত্রক’ বলা হতো, এবং আমার কাছে এটিই সঠিক নাম। প্রতিরক্ষা তার একটি অংশ, কিন্তু আমি মনে হয় আমরা পরিবর্তন করতে যাচ্ছি।”
এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের ‘পুরানো সামরিক ঐতিহ্য’ ফিরিয়ে আনার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পেন্টাগনের ইতিহাস
উল্লেখ্য, পেন্টাগনের নাম পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। ১৯৪৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন সামরিক বাহিনীর পুনর্গঠন করেন। তখন তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং নবগঠিত বিমানবাহিনীকে একত্রিত করে এর নাম দেন প্রতিরক্ষা মন্ত্রক। তার আগে, মার্কিন সেনাবাহিনীর তৈরির সময় রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন এই প্রতিষ্ঠানকে ‘যুদ্ধ মন্ত্রক’ নাম দিয়েছিলেন।
ট্রাম্পের এই পদক্ষেপ বাইডেন আমলের বেশ কিছু সিদ্ধান্তকে বাতিল করেছে। এর মধ্যে ফোর্ট ব্র্যাগ এবং ফোর্ট হুডের মতো ঘাঁটি থেকে কনফেডারেট-যুগের নাম মুছে ফেলার সিদ্ধান্ত বাতিল এবং সমকামী অধিকার কর্মী হার্ভে মিল্কের নামে নামকরণ করা একটি নৌবাহিনীর জাহাজের নাম পরিবর্তনের নির্দেশও রয়েছে।