Weather: গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি ওড়িশার দিকে এগিয়ে গেলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, দফায় দফায় বৃষ্টি হবে। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে। তাই শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এই সময়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এই জেলাগুলোর সঙ্গে মুর্শিদাবাদেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে বৃহস্পতিবার থেকে। তবে তখন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নাও হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৫০ থেকে ১৭৫ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও এই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টি কিছুটা কম থাকলেও বুধবার থেকে তা বাড়বে। তবে শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে।