রাখি বন্ধন উৎসব ভাইবোনের অটুট ভালোবাসা এবং সম্পর্কের প্রতীক। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ। তবে রাখি পরানোর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশেষ করে ভাইয়ের রাশির সঙ্গে মিলিয়ে রাখির রং বেছে নেওয়া সম্পর্ককে আরও শুভ করে তুলতে পারে। এখানে বিভিন্ন রাশি অনুযায়ী কোন রঙের রাখি কেনা উচিত, তা তুলে ধরা হলো।
মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য শুভ রং হলো লাল। মঙ্গল গ্রহ দ্বারা শাসিত হওয়ায় মেষ রাশির সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হলো লাল। গাঢ় লাল, মেরুন বা টকটকে লাল রঙের রাখি এঁদের জন্য শুভ ফল আনে।
বৃষ রাশি: বৃষ রাশির জন্য সবুজ রং শুভ। শুক্র গ্রহ দ্বারা শাসিত হওয়ায় সবুজ রং সৌন্দর্য, সম্পত্তি ও ভালোবাসার ইঙ্গিত দেয়। হালকা সবুজ বা পান্না রঙের রাখি এঁদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে।
মিথুন রাশি: মিথুন রাশির শুভ রং হলুদ। বুধ গ্রহ দ্বারা শাসিত এই রাশির জাতকদের বুদ্ধি এবং কৌতুকপ্রিয়তার প্রতীক হলুদ। হালকা হলুদ বা লেমন ইয়েলো রাখি এঁদের বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে।
কর্কট রাশি: কর্কট রাশির শুভ রং সাদা ও রূপালি। চন্দ্র দ্বারা শাসিত হওয়ায় এঁদের আবেগ ও সংবেদনশীলতাকে শান্ত রাখে সাদা ও সিলভার রঙের রাখি। এই রং মানসিক প্রশান্তি এনে দেয়।
সিংহ রাশি: সিংহ রাশির শুভ রং কমলা ও সোনালি। সূর্য দ্বারা শাসিত এই রাশির জাতকদের নেতৃত্ব এবং শক্তির প্রতীক এই রং। কমলা, গেরুয়া বা সোনালি রঙের রাখি এঁদের ভাগ্য উজ্জ্বল করে।
কন্যা রাশি: কন্যা রাশির শুভ রং সবুজ ও বাদামি। বুধ গ্রহ দ্বারা শাসিত হওয়ায় গাঢ় সবুজ বা প্যাস্টেল গ্রিন রঙের রাখি এঁদের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে।
তুলা রাশি: তুলা রাশির জন্য গোলাপি ও নীল রং শুভ। শুক্র গ্রহ দ্বারা শাসিত হওয়ায় এই রং সম্পর্ককে মধুর করে এবং ভারসাম্য বজায় রাখে। হালকা গোলাপি বা স্কাই ব্লু রাখি এঁদের জন্য আদর্শ।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির শুভ রং লাল ও মেরুন। মঙ্গল গ্রহ দ্বারা শাসিত হওয়ায় গাঢ় মেরুন বা রক্ত লাল রাখি এঁদের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
ধনু রাশি: ধনু রাশির শুভ রং হলুদ ও কমলা। বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত এই রাশির জাতকদের জ্ঞান ও সৌভাগ্যকে বাড়িয়ে তোলে এই রং। গাঢ় হলুদ বা কমলা রঙের রাখি এঁদের শিক্ষা ও ভাগ্যকে উন্নত করে।
মকর রাশি: মকর রাশির জন্য কালো ও গাঢ় নীল রং শুভ। শনি গ্রহ দ্বারা শাসিত হওয়ায় নেভি ব্লু বা কালো রঙের রাখি কর্মক্ষেত্রে উন্নতি আনে এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির শুভ রং নীল ও ধূসর। শনি ও রাহু দ্বারা শাসিত হওয়ায় অ্যাশ গ্রে বা গাঢ় নীল রাখি এঁদের মানসিক স্থিতি ও সৃজনশীলতা বজায় রাখতে সাহায্য করে।
মীন রাশি: মীন রাশির শুভ রং হালকা নীল ও বেগুনি। বৃহস্পতি ও নেপচুন দ্বারা শাসিত হওয়ায় বেগুনি বা হালকা নীল রাখি কল্পনা, সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করে।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে তা জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণার উপর ভিত্তি করে লেখা। এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। এর ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।





