সিবিএসই দশম শ্রেণির ফলাফল ইতিপূর্বেই প্রকাশিত হয়েছে। এবার প্রহর গোণা শুরু দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। এ বছর দেশজুড়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন। শিক্ষা মহলে জোর গুঞ্জন, আজই প্রকাশিত হতে পারে দ্বাদশ শ্রেণির ফলাফল। যদিও কেন্দ্রীয় বোর্ডের (CBSE) পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
সাধারণত দেখা যায়, দশম শ্রেণির ফলপ্রকাশের দুই-তিন দিনের মধ্যেই দ্বাদশ শ্রেণির রেজাল্ট আউট করে বোর্ড। গত ১৫ এপ্রিল দশম শ্রেণির ফল প্রকাশিত হলেও প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ায় উৎকণ্ঠা বাড়ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে। কিছু সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, ফলপ্রকাশ হতে পারে এপ্রিলের একেবারে শেষ দিকে। উল্লেখ্য, গত বছর মে মাসের মাঝামাঝি সময়ে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তবে নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যাচ্ছে, আজ ফলপ্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে।
কোথায় দেখবেন রেজাল্ট? অফিসিয়াল ঘোষণার পর পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটগুলি থেকে সরাসরি রেজাল্ট দেখতে পারবেন। সাইটগুলি হল:
cbse.gov.in * results.cbse.nic.in * cbseresults.nic.in ওয়েবসাইট ছাড়াও স্মার্টফোনে DigiLocker এবং UMANG অ্যাপের মাধ্যমেও মুহূর্তের মধ্যে মার্কশিট দেখে নেওয়া যাবে। ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের কাছে অবশ্যই নিজেদের অ্যাডমিট কার্ড এবং রোল নম্বর থাকা বাধ্যতামূলক।
কিভাবে দেখবেন ফলাফল? (Step-by-Step Guide) ১. প্রথমে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ লগ ইন করুন।
২. হোমপেজে থাকা ‘Senior School Certificate Examination (Class XII) 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. নিজের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি ইনপুট করুন।
৪. ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেজাল্ট।
৫. ভবিষ্যতের প্রয়োজনের জন্য ডিজিটাল কপিটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।
এছাড়াও এসএমএস-এর মাধ্যমে ফল জানার সুবিধা থাকছে। ডিজি লকারের ক্ষেত্রে বোর্ড ইতিমধ্যেই স্কুলগুলিকে ৬ সংখ্যার একটি বিশেষ সিকিউরিটি পিন দিয়েছে, যা ব্যবহার করে ছাত্রছাত্রীরা তাঁদের মার্কশিট ও মাইগ্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।





