বিশাল বিপদের অশনি সংকেত? সত্যি হল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী!

কথায় আছে, “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।” এই প্রবাদ বাক্যটি যেন ফের একবার সত্য প্রমাণিত হলো। তারিখ না মিললেও, রুশ ভূমিকম্প এবং জাপানে সুনামির ঘটনা যেন জাপানি বাবা ভাঙ্গা রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীকেই সমর্থন করছে। এই আকস্মিক দুর্যোগের জেরে জাপানসহ একাধিক স্থানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার, রাশিয়ার কামচাটকায় একটি অত্যন্ত শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাশিয়ার কুরিল দ্বীপ এবং জাপানের উত্তরের হোকাইডো দ্বীপে সুনামি আছড়ে পড়ে। এই সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এর থেকেও বেশি আলোচনার জন্ম দিয়েছে জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকির ১৯৯৯ সালের একটি বই, যেখানে তিনি এই ধরনের ভয়ঙ্কর বিপর্যয়ের কথা উল্লেখ করেছিলেন।

রিও তাতসুকির সেই বইতে লেখা ছিল, ২০২৫ সালের ৫ জুলাই একটি বড় ভূমিকম্প এবং তার ফলস্বরূপ ভয়াবহ সুনামি হবে। ৫ জুলাই জাপানের কিছু বিচ্ছিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও, কোনো সুনামি হয়নি। ফলে অনেকেই ভেবেছিলেন, হয়তো রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী এবার মিথ্যা প্রমাণিত হলো। কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগেই জাপানে সুনামি হয়ে গেল, যা সবাইকে হতবাক করে দিয়েছে।

সুনামির ঘটনার পর থেকেই বহু মানুষ বলছেন, জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গেছে। আবার কেউ কেউ মনে করছেন, রিও তাতসুকি হয়তো ৫ জুলাইয়ের নির্দিষ্ট তারিখের কথা না বলে, বরং জুলাই মাস জুড়েই একটি বড় বিপদের সতর্কবার্তা দিয়েছিলেন। এই মুহূর্তে জাপানি বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীর কথা প্রকাশ্যে আসার পর জুলাই মাসের শুরুতে জাপানে পর্যটকদের বিমান বুকিংয়ে ৮৩ শতাংশ পতন হয়েছিল। এর আগেও প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে করোনা সংক্রমণ পর্যন্ত, জাপানি বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার নজির রয়েছে। এই ঘটনার পর এখন দেখার, আগামী দিনে রিও তাতসুকির আরও কোনো ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা।