বড়পর্দায় আসতে চলেছে এক ভিন্ন স্বাদের গল্প, যেখানে শুধু কাপড় নয়, মানুষের জটিল সম্পর্ক ও আবেগের সুতোও ‘সেলাই’ করা হয়েছে নিপুণ দক্ষতায়। পরিচালক স্বরূপ পাল তাঁর প্রথম ছবি ‘সেলাই’-এর মাধ্যমে এই অভিনব ভাবনাকে দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন। সম্প্রতি এই সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। আবেগ, অন্তর্দ্বন্দ্ব এবং আন্তঃসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি আগামী ১লা অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘সেলাই’ ছবিতে এক ঝাঁক অভিজ্ঞ ও নবাগত শিল্পীর সমাবেশ ঘটেছে। অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, দেবাশীষ সেন শর্মা, অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদ্বার, সাগ্নিক কোলে, প্রীতি কে, ময়ুখ ভট্টাচার্য, কাব্য কাশ্যপ, সুমনা দাস, সুমন গাইন এবং শুভদীপ ঘোষ। যদিও অভিনেতাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে টিজার দেখে বোঝা যাচ্ছে, প্রতিটি চরিত্রই বহুমুখী এবং গল্পের সঙ্গে তাদের সম্পর্কের বন্ত্রী ধীরে ধীরে উন্মোচিত হবে।
এই সিনেমায় এমন কিছু মানুষের গল্প বলা হয়েছে, যারা নিজেদের অজান্তেই পরস্পরের জীবনে জড়িয়ে পড়েছেন— কখনও বন্ধুত্বের বাঁধনে, কখনও ভালোবাসার উচ্ছ্বাসে, আবার কখনও বিচ্ছেদের শূন্যতায়। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলেছেন সমুদ্র সিংহ। সিনেমার চিত্রগ্রহণে রয়েছেন সৈকত বালা, আবহসঙ্গীতে সৌমাল্য সিংহ এবং সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিত্ব প্রণয় দাশগুপ্ত। তীর্থঙ্কর রায়, যিনি পরিচালকের সহকারী এবং এই প্রজেক্টের সৃজনশীল প্রযোজক হিসেবে কাজ করেছেন, টিজার তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বাংলা চলচ্চিত্রে যেখানে সম্পর্ক ও মানুষের মনস্তত্ত্ব নিয়ে সাম্প্রতিককালে একাধিক পরীক্ষামূলক কাজ হচ্ছে, সেখানে ‘সেলাই’ একটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। এই ছবিটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি একাধিক সম্পর্কের জট খুলে তাদের পুনর্গঠনের এক অনুপম চিত্রায়ন। ‘সেলাই’ দেখাতে চাইছে কীভাবে প্রতিটি চরিত্র নিজের মতো করে সেই সংযোগের শেষ সুতোটি খুঁজে ফেরে, যা তাদের জীবনকে এক নতুন অর্থ দিতে পারে। আগামী ১লা অগস্ট বড়পর্দায় এই ভিন্নধর্মী গল্পের সাক্ষী হতে পারবেন দর্শকরা।