শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮ পুণ্যার্থী

শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে এক নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় অন্তত ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে দুমকা জেলার মোহনপুর থানা এলাকার জামুনিয়া চকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পুণ্যার্থীরা বিহারের গয়া জেলা থেকে একটি বাসে করে আসছিলেন। তাঁরা প্রথমে বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে দেওঘরের বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে তাঁরা দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের দিকে রওনা হয়েছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে থাকা ইটের স্তূপে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গেই দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভোরের দিকে চালকের চোখে ঘুম এসে যাওয়াই এই দুর্ঘটনার কারণ। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ পরিণতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শ্রাবণ মাসের পবিত্র সময়ে এই দুর্ঘটনাটি পুণ্যার্থীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।