ঘাটালে প্রবল বন্যা হওয়া সত্ত্বেও কেন দেব সেখানে গেলেন না? প্রশ্ন দিলীপ ঘোষের

গতকাল, ২১ জুলাইয়ের তৃণমূলের মেগা ইভেন্টে অভিনেতা এবং ঘাটালের সাংসদ দেবকে মঞ্চে দেখা গেলেও তিনি তেমন সক্রিয় ভূমিকায় ছিলেন না। সোমবারের সভা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে খড়্গপুরে একটি সভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবকে সরাসরি নিশানা করেন দিলীপ।
দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকা সত্ত্বেও দেব কেন সেখানে একবারও যাননি। তাঁর অভিযোগ, একজন সাংসদ হিসেবে দেব তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ। বিজেপি নেতার দাবি, দেবের অবিলম্বে সাংসদ পদ থেকে পদত্যাগ করা উচিত।
লোকসভা নির্বাচনের আগে দেব নিজে রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন। এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেবের সামনে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের জন্য অপেক্ষা না করে তিনিই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবেন। এর পরেও কেন দেব ঘাটালে যাচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “দেব ভালো ছেলে। কিন্তু এরকম ভালো ছেলে, কী হবে! যে ছেলে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।”
দিলীপ ঘোষের আরও চাঞ্চল্যকর দাবি, দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাঁকে নাকি বলা হয়েছে যে ভোটে না দাঁড়ালে তাঁর সিনেমা এবং প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই দেবকে ভোটে দাঁড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন দিলীপ। এমনকি গরু পাচার মামলায় দেবকে ইডি দফতরে তলব করা হয়েছিল, সেটাকেও তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ দেবকে “চোরদের কাছে মাথানত করো না” বলেও পরামর্শ দিয়েছেন।
এই গুরুতর অভিযোগ এবং মন্তব্যের বিষয়ে তৃণমূল সাংসদ দেবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।