২৩ বছরের অপেক্ষার অবসান! ভারতের মাটিতে ফিরছে দাবা বিশ্বকাপ, আসর চলবে ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান! ভারতীয় দাবা প্রেমীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খবর হল, চলতি বছরের অক্টোবর মাসেই দেশের মাটিতে বসতে চলেছে ফিডে (FIDE) দাবা বিশ্বকাপের আসর। আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডে গতকাল নিশ্চিত করেছে যে, ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। তবে, ভারতের ঠিক কোন শহরে এই দাবা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, তা এখনও রহস্যের আবরণে ঢাকা। শহর নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও, মূল আকর্ষণ এখন টুর্নামেন্টের দিকেই।

এবারের বিশ্বকাপে অংশ নেবেন বিশ্বজুড়ে থেকে আসা ২০৬ জন প্রতিভাবান দাবাড়ু। টুর্নামেন্টের গুরুত্ব এবার আরও বেশি, কারণ ২০২৬ সালের বহু প্রতীক্ষিত ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য তিনটি মূল্যবান স্থান এই বিশ্বকাপ থেকেই নির্ধারিত হবে। অর্থাৎ, যারা এই আসরের সেরা তিনে থাকবেন, তারাই ক্যান্ডিডেটসে খেলার টিকিট পাবেন। আর ক্যান্ডিডেটসের বিজয়ীই পাবেন বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার স্বপ্নপূরণের সুযোগ। ভারতের মাটিতে এই মেগা ইভেন্ট আয়োজিত হওয়ায় দেশের দাবা সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মনে করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা, কোন শহর পাবে এই ঐতিহাসিক আয়োজনের দায়িত্ব!