শিশুদের বিষণ্ণতা যে লক্ষণগুলো উপেক্ষা করলে হতে পারে মারাত্মক পরিণতি

আমরা অনেকেই মনে করি বিষণ্ণতা (ডিপ্রেশন) কেবল প্রাপ্তবয়স্কদেরই হয়। কিন্তু শিশুদের মধ্যেও যে বিষণ্ণতা দেখা দিতে পারে, যাকে ‘চাইল্ডহুড ডিপ্রেশন’ বলা হয়, তা ক’জন জানেন? এই অজ্ঞতার কারণেই আমরা শিশুদের আচরণে অনেক সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করি না, যার ফলস্বরূপ ভবিষ্যতে তাদের অনেক বড় খেসারত দিতে হয়।
ঠিক যেমনভাবে আমরা প্রাপ্তবয়স্কদের বিষণ্ণতা নিয়ে সচেতন হয়েছি, তেমনই শিশুদের বিষণ্ণতা সম্পর্কেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। যদি শিশুদের মধ্যে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখতে পান, তাহলে অবহেলা না করে অবশ্যই একজন মনোবিদের কাছে যাওয়া উচিত।
শিশুদের বিষণ্ণতার লক্ষণগুলো কী কী?
শিশুদের বিষণ্ণতার বেশ কিছু লক্ষণ রয়েছে, যা আমাদের জানা থাকা জরুরি:
শারীরিক অসুস্থতার অভিযোগ: আপনার বাচ্চা যদি মাঝেমধ্যেই পেট ব্যথা বা মাথা ব্যথার সমস্যার কথা জানায়, এবং যদি দেখা যায় যে তার কোনো সুনির্দিষ্ট শারীরিক রোগ নেই, তাহলে হতে পারে তার মধ্যে বিষণ্ণতা কাজ করছে।
সামাজিক মেলামেশায় অনীহা: আপনার বাচ্চা যদি কারও সঙ্গে মিশতে না চায় বা মিশতে না পারে, তাহলে খেয়াল রাখুন। সমবয়সী কোনো বন্ধু যদি না থাকে বা থাকলেও যদি তা হাতেগোনা হয়, তাহলেও সচেতন থাকুন। এটি বিষণ্ণতার একটি লক্ষণ হতে পারে।
হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য: যদি আপনার বাচ্চার ছোট থেকেই হজমের সমস্যা থাকে বা সে কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাহলে এটিও বিষণ্ণতার একটি ইঙ্গিত হতে পারে।
পড়াশোনায় অনীহা ও খারাপ ফল: আপনার বাচ্চা যদি পড়াশোনা একদমই করতে না চায় বা পরীক্ষার ফল খারাপ করে, তাহলে হতে পারে সে বিষণ্ণতায় ভুগছে।
অতিরিক্ত সংবেদনশীলতা ও আবেগপ্রবণতা: যদি আপনার বাচ্চা অতিরিক্ত সংবেদনশীল হয় বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়, তাহলে এটিও বিষণ্ণতার একটি লক্ষণ হতে পারে।
নিজেকে গুটিয়ে রাখা: আপনার বাচ্চা যদি আপন মনে গুমরে গুমরে মরে, কাউকে কিছু খুলে বলতে না পারে, তাহলে হতে পারে সে বিষণ্ণতায় ভুগছে।
অস্বাভাবিক রাগ: যদি আপনার বাচ্চার অস্বাভাবিক রাগ হয় মাঝেমধ্যেই, তাহলে এটিও বিষণ্ণতার একটি লক্ষণ হতে পারে।
সর্বক্ষণ অন্যমনস্কতা: আপনার বাচ্চা যদি সর্বক্ষণ অন্যমনস্ক থাকে, আনমনে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকে, তাহলেও বিষণ্ণতা থাকতে পারে।
করণীয় কী?
তবে, এটা মনে রাখা জরুরি যে, উল্লেখিত কোনো একটি লক্ষণ থাকলেও যে আপনার বাচ্চা বিষণ্ণতায় ভুগছে বা ‘চাইল্ডহুড ডিপ্রেশন’-এর রোগী হয়ে গিয়েছে, এমনটা কিন্তু নয়। এর মধ্যে বেশ কয়েকটি লক্ষণ যদি একসঙ্গে দেখা যায়, তাহলে হতে পারে সে বিষণ্ণতায় ভুগছে।