রান্নার আগে মসুর ডাল ভেজানো কি জরুরি? নতুন তথ্য জানালো হার্ভার্ড!

বাঙালিদের দৈনন্দিন রান্নার একটি অবিচ্ছেদ্য অংশ হলো ডাল, আর তার মধ্যে মসুর ডালই সবচেয়ে জনপ্রিয়। অন্যান্য ডাল রান্নার আগে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার ঝামেলা এড়াতে অনেকেই মসুর ডাল বেছে নেন, কারণ এটি দ্রুত সেদ্ধ হয়ে যায়। তবে আপনি কি জানেন, মসুর ডালের ক্ষেত্রেও আমাদের তাড়াহুড়ো করা ঠিক নয়? হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকরা নতুন তথ্য জানিয়েছেন যে, মসুর ডালও যদি রান্নার আগে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভিজিয়ে রাখা হয়, তবে এর উপকারিতা বহুগুণ বেড়ে যায়।

ভেজানো মসুর ডালের যত গুণ
গবেষকদের মতে, মসুর ডালে ফাইটেজ নামের একটি এনজাইম থাকে। রান্নার আগে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই এনজাইমটি সক্রিয় হয়ে ওঠে এবং ফাইটিক অ্যাসিডকে ভেঙে ফেলতে পারে। এর ফলে ডালে থাকা ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ, শরীর এই পুষ্টি উপাদানগুলো দ্রুত ও সহজে গ্রহণ করতে পারে।

এছাড়াও, মসুর ডাল ভিজিয়ে রাখলে অ্যামাইলেজ নামের আরও একটি উপকারী উপাদান সক্রিয় হয়। এটি ডালে থাকা জটিল শর্করাকে ভেঙে ফেলে, যার ফলে ডাল হজম হতে সুবিধা হয়।

গ্যাস ও পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি
অনেকেরই ডাল খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হয়। এর মূল কারণ হলো ডালে থাকা অলিগোস্যাকারাইডস নামের একটি জটিল যৌগ, যা এক ধরনের কমপ্লেক্স সুগার। গবেষকরা বলছেন, রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে এই উপাদানটির কার্যকারিতা কমে যায়। ফলে যারা ডাল খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তারা ভিজিয়ে রাখা ডাল খেলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন।

সুতরাং, মসুর ডাল রান্নার সময় কিছুটা বেশি সময় নিলেও, এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হতে পারে। তাই, আজ থেকেই মসুর ডাল রান্নার আগে অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভিজিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন।