অসহ্য গরমে স্বস্তি খুঁজছেন? এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়!

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। দেশজুড়ে জারি হচ্ছে হিট অ্যালার্ট। দিনের বেলায় বাইরে বের হওয়া তো দূরের কথা, ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। যারা শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরে থাকেন, তারা না হয় কিছুটা আরাম পাচ্ছেন। কিন্তু যাদের ঘরে এসি নেই, তাদের কী হবে? চিন্তার কিছু নেই! এসি ছাড়াও কয়েকটি সহজ উপায়ে আপনার ঘরকে তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে পারবেন।
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার কার্যকরী টিপস:
গরমে হাঁসফাঁস করা থেকে মুক্তি পেতে এই সহজ উপায়গুলো মেনে চলতে পারেন:
১. ভেজা কাপড় ব্যবহার: খোলা জানালার সামনে একটি ভেজা চাদর মেলে দিতে পারেন। এতে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করবে। একইভাবে, ঘরের ভেতর একটি ভেজা কাঁথা মেলে রাখার ব্যবস্থা করতে পারেন। জলীয় বাষ্প ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে।
২. আলোর ব্যবহার কমান: রাতে টিউবলাইটের পরিবর্তে ভালো মানের এলইডি লাইট ব্যবহার করুন। দিনের বেলায়ও ঘরের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন। ঘুমানোর আগে সম্ভব হলে সব আলো নিভিয়ে দিন। ঘরের আলোর পরিমাণ যত কম থাকবে, ঘর তত বেশি ঠান্ডা থাকবে, কারণ আলো তাপ উৎপন্ন করে।
৩. ফ্যানের সঠিক ব্যবহার: ঘরের পরিবেশ শীতল করার জন্য টেবিল ফ্যানের সামনে একটি বাটি ভর্তি বরফ রাখতে পারেন। বরফ গলার সময় ঠান্ডা বাতাস উৎপন্ন হবে, যা ফ্যান ছড়িয়ে দেবে। এছাড়া, সিলিং ফ্যানের নিচে একটি বালতি ভর্তি জল রেখে দিতে পারেন। এটিও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
৪. মেঝে ও বিছানার ব্যবস্থাপনা: রাতে ঘুমানোর আগে ঘরের মেঝে ভেজা-ভেজা করে মুছে নিন। এতে মেঝের তাপ কমে আসবে। বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন। সুতির কাপড় তাপ শোষণ করে কম। সম্ভব হলে আরামদায়ক শীতলপাটি ব্যবহার করতে পারেন, যা প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে।
৫. বায়ু চলাচল নিশ্চিত করুন: ঘরে বাতাসের অবাধ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আপনার ঘরের ভেন্টিলেটরগুলো নিয়মিত পরিষ্কার করুন, যাতে বাতাস সহজেই আসা-যাওয়া করতে পারে। এটি গরম বাতাস বের করে দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশে সাহায্য করবে।
৬. ইনডোর প্লান্ট রাখুন: ঘরের ভেতর ইনডোর প্লান্ট রাখা ঘরের তাপমাত্রা কমাতে দারুণ সাহায্য করে। গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা ঘরের পরিবেশকে তুলনামূলকভাবে শীতল রাখে। মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যারিকা পাম-জাতীয় গাছ ঘরে রাখতে পারেন। এগুলো একদিকে ঘরের শোভা বাড়ায়, অন্যদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
৭. তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার কমান: এই সময় তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। হেয়ার ড্রায়ার, ওয়াটার হিটার, ডিশ ওয়াশার এবং আয়রন-এর মতো যন্ত্রগুলো উল্লেখযোগ্য পরিমাণে তাপ উৎপন্ন করে। এগুলো ব্যবহার না করলে ঘরের তাপমাত্রা অনেকটাই সহনীয় থাকবে।