পান্তা ভাতের অজানা গুণ, শুধু শরীর ঠান্ডা রাখা নয়, পুষ্টিতেও ভরপুর!

পান্তাভাত হল ভাত সংরক্ষণের একটি প্রাচীন পদ্ধতি; রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে একরাত জলে ডুবিয়ে রাখলেই তা পান্তাভাতে পরিণত হয়। গরমকালে এই পান্তা ভাত খায় না এমন মানুষ বোধহয় পাওয়া কঠিন। কিন্তু কেবল কি সুস্বাদু বলে এটি অধিক জনপ্রিয়, নাকি এর রয়েছে বিশেষ পুষ্টিগুণ? চলুন জেনে নেওয়া যাক পান্তা ভাতের অজানা উপকারিতা।

গবেষণায় দেখা গেছে, সাধারণ গরম ভাতের তুলনায় পান্তা ভাতে পুষ্টিগুণ অনেক বেশি। মাত্র ১২ ঘণ্টা ভিজিয়ে রাখলে একশো গ্রাম পান্তা ভাতে ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন থাকে, যেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রনের পরিমাণ মাত্র ৩.৪ মিলিগ্রাম।

শুধুই আয়রন নয়, পান্তা ভাতে প্রয়োজনীয় অন্যান্য উপাদান যেমন পটাশিয়াম ও ক্যালসিয়ামের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ১০০ গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৩৯ মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৫০ মিলিগ্রাম।

এছাড়াও পান্তা ভাত থেকে ভিটামিন সি এবং ভিটামিন বি১২ পাওয়া যায়। শর্করা সমৃদ্ধ এই খাবার গরমের দিনে যেমন শরীর ঠান্ডা রাখে, তেমন সতেজ করে তোলে। এটি শরীরে জলের ঘাটতি পূরণ করে এবং তাপের ভারসাম্য বজায় রাখে।

সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের গুণাগুণ অনেক বেশি। এটি যেমন সহজে হজম হয়ে যায়, তেমনি ভাতের থেকে সোডিয়াম কম থাকায় রক্তচাপ স্বাভাবিক থাকে।

এটি যেহেতু ফার্মেন্টেড খাবার, তাই এই খাবার খেলে শরীর হালকা থাকে এবং যেকোনো কাজে এনার্জি পাওয়া যায়। মানবদেহের জন্য প্রয়োজনীয় বহু উপকারী ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যেই বেড়ে ওঠে। এছাড়াও পেটের সমস্যা দূর করা, কোষ্ঠকাঠিন্য দূর করা এবং শরীর সজীব রাখতে পান্তা ভাত অনেক উপকারে লাগে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy