সুস্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক জীবনধারা: সহজ কিছু অভ্যাস!

আধুনিক অনিয়মিত জীবনযাত্রার কারণে বর্তমানে অধিকাংশ মানুষই অতিরিক্ত ওজনে ভুগছেন। ওজন কমাতে কেউ কঠোর ডায়েট মেনে নানা শারীরিক সমস্যায় পড়ছেন, আবার অনেকেই জিমে গিয়ে অতিরিক্ত শরীরচর্চা করে ফেলছেন, যা উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। তাই সুস্থ ও স্থায়ীভাবে ওজন কমাতে আয়ুর্বেদিক উপায়গুলো হতে পারে অত্যন্ত কার্যকর। কিছু সহজ নিয়ম মেনে চললে খুব সহজে এবং দ্রুত ওজন কমানো সম্ভব। জেনে নিন করণীয়:
দিনের আলোয় খাবার গ্রহণ
আমাদের প্রধান খাবার সাধারণত দুপুরবেলা নেওয়া হয়। দিনের আলো থাকাকালীন আপনার ভারী আহার সম্পন্ন করলে তা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। আয়ুর্বেদ মতে, আমাদের লিভার মধ্যরাতে খাবারের হজম প্রক্রিয়া সম্পন্ন করে। তাই রাতের বেলা অতিরিক্ত খাদ্য ও পানীয় গ্রহণ করলে তা পাকস্থলীর জন্য অতিরিক্ত বোঝা হয়ে যায়, যার ফলে ওজন বাড়তে থাকে। রাতে খাওয়া কমিয়ে দিলে অতিরিক্ত ওজনও কমতে শুরু করবে।
গরম জল পান
পরিপাক ক্রিয়াকে সক্রিয় রাখতে প্রতিদিন সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে অত্যন্ত সহায়ক।
নিয়মিত ব্যায়াম
স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে ব্যায়াম করা অত্যন্ত জরুরি। তাই প্রতিদিন সকালে হাঁটাহাঁটি এবং শরীরচর্চার জন্য ৪০-৬০ মিনিট ব্যয় করুন। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে।
মেডিটেশন বা ধ্যান
সকালে অন্তত ৫-১০ মিনিট বা তারও বেশি সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান করুন। ওজন বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ স্ট্রেস। মেডিটেশন বা যোগব্যায়ামের মাধ্যমে মনে শান্তি আসে, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। এই অভ্যাসটি আপনাকে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে।
৩ বেলা খাবার নীতি
কোনো রকম জলখাবার বা স্ন্যাকস বাদ দিয়ে দিনের তিনবেলা খাবার গ্রহণ করুন। খাদ্য আমাদের দেহে জ্বালানি হিসেবে কাজ করে। যখন দেহে পরিমাণের চেয়ে অতিরিক্ত খাবার যায়, তখন সেটি ফ্যাটে পরিণত হয়। তাই:
সকাল ৭:৩০ থেকে ৯:০০ এর মধ্যে প্রাতঃরাশ গ্রহণ করুন।
সকাল ১১:০০ থেকে দুপুর ২:০০ এর মধ্যে দুপুরের খাবার গ্রহণ করুন।
সন্ধ্যা ৫:৩০ থেকে রাত ৮:০০ এর মধ্যে রাতের খাবার খান। প্রতিবেলার খাবারের পরিমাণের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।
মৌসুমের সঙ্গে খাওয়া-দাওয়া
মৌসুমী ফল ও শাক-সবজি খেলে দেহ সহজেই পুষ্টিকর উপাদানগুলো পায়, যা প্রাকৃতিকভাবে হজমে সহায়ক।
গ্রীষ্মকালে: দেহ শীতল ও সতেজ রাখতে উচ্চ-কার্বোহাইড্রেটযুক্ত ফল এবং তাজা শাকসবজি খান।
শরৎ এবং শীতকালে: ঠান্ডা থেকে বাঁচতে শাক-সবজি, বাদাম, ফল, মাংস এবং শস্যদানা খেতে পারেন।
বসন্তে: প্রচুর পরিমাণে মৌসুমী ফল, নতুন সবুজ শাক খান, যা শীতকালীন আমেজ কাটিয়ে আপনার শরীরকে উপযুক্ত করে তুলবে। এভাবে বিভিন্ন ঋতুতে মৌসুমী খাবারগুলো গ্রহণ করুন, যা প্রাকৃতিক আয়ুর্বেদ উপায়ে আপনাকে সঠিক কৌশলে খাদ্যাভ্যাস পরিচালনা করতে সহায়তা করবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখবে।
৬ স্বাদ একত্রীকরণ
আয়ুর্বেদিক ডায়েট অনুসারে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ৬টি প্রধান স্বাদের খাবার অন্তর্ভুক্ত করা উচিত: মিষ্টি, টক, নোনতা, কড়া বা তীব্র (পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি), তেঁতো এবং কষযুক্ত (আমলকী, মূলা, শশা, ডালিম ইত্যাদি)। মিষ্টি, টক এবং নোনতা স্বাদের খাদ্যগুলো পুষ্টিকারক এবং প্রোটিন তৈরি করে। এগুলোর ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন তীব্র, তিক্ত এবং কষযুক্ত খাদ্য, যা বিপাকীয় কাজে সহায়ক। তবে মনে রাখতে হবে, যেকোনো খাবারই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর।
খাওয়ার পর হাঁটা
প্রতিবেলা খাবারের পরে হাঁটাহাঁটি করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি হজমে সহায়তা করে। দুপুরের খাবার শেষে মাঝারি গতিতে ১০-২০ মিনিট হাঁটা খুবই উপকারী। যদি খাদ্য গ্রহণের পরই শুয়ে থাকতে চান, তাহলে অবশ্যই ১০ মিনিট হেঁটে নিবেন এবং বাম পাশ হয়ে বিশ্রাম নিবেন।
সূর্যকে অনুসরণ
আপনার শরীরে একটি বড় হরমোনাল ভারসাম্য তৈরি করতে সূর্যাস্তের সময় বিছানায় যান এবং সূর্যোদয়ের সঙ্গে জেগে উঠুন। গভীর রাত পর্যন্ত জেগে থাকলে আপনার দেহ স্বাভাবিকভাবে ধীরগতির হয়ে যায়, এর ফলে শরীর ভার হয়ে যায়। ঘুমাতে যাওয়ার ২ ঘণ্টা আগে আপনার সব কাজগুলো গুছিয়ে নিন এবং রাত ১০টার আগে বিছানায় যান। প্রতিদিন ৭-৯ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন। এতে শরীরের বিষাক্ত পদার্থ দ্রুত অপসারণ হবে এবং পরবর্তী দিনের জন্য শরীর পুনরায় শক্তি পাবে। এভাবে আপনার দৈনিক জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই ওজন কমবে দ্রুত এবং আপনি থাকবেন সুস্থ ও সতেজ।