চিপসের প্যাকেট কেন অর্ধেক খালি থাকে? রহস্য ফাঁস!

ফাস্টফুড প্রেমীদের কাছে চিপস এক ভীষণ প্রিয় খাবার। নানা স্বাদের আর আকারের চিপসের প্রতি আমাদের আকর্ষণ যেন কখনোই কমে না। তবে একটা বিষয়ে অনেকেরই আক্ষেপ থাকে— দেশি বা বিদেশি, যত দামি চিপসই কেনা হোক না কেন, চিপসের প্যাকেট কখনোই পুরোপুরি ভরা থাকে না। প্রতিটি প্যাকেটই যেন অর্ধেক খালি! প্রশ্ন জাগতেই পারে, কেন এমনভাবে চিপসের প্যাকেজিং করা হয়? এর পেছনে রয়েছে খুবই যুক্তিযুক্ত কারণ।

কেন চিপসের প্যাকেট অর্ধেক খালি থাকে?
চিপস প্রস্তুতকারী সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে প্যাকেজিংয়ের সময় প্যাকেটের অর্ধেক অংশ চিপস দিয়ে পূর্ণ করে বাকি অর্ধেক খালি রাখে। এর প্রধান কারণ হলো, যদি প্যাকেট চিপস দিয়ে সম্পূর্ণ ভরা থাকত, তাহলে প্যাকেটের সব চিপস ভেঙে গুঁড়ো হয়ে যেত। চিপস তৈরির কারখানা থেকে দোকান পর্যন্ত পৌঁছতে তাদের নানান হাত এবং অনেক পথ পাড়ি দিতে হয়। এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্যাকেটে থাকা একটি চিপসও আস্ত থাকত না।

ক্রেতাদের খুশি করার জন্য যদি চিপস প্রস্তুতকারী সংস্থাগুলো প্যাকেট ভরা চিপস বিক্রিও করত, তাহলে কেনার সময় দেখা যেত প্যাকেটে ভরা চিপস নেই, আছে শুধু চিপসের গুঁড়ো। তাই চিপস অক্ষত রাখতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।

চিপসের প্যাকেটে এত বাতাস থাকে কেন?
অনেকেই আক্ষেপ করেন যে, চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাসই বেশি থাকে। এই বাতাসটি কিন্তু সাধারণ বাতাস নয়, এটি হলো নাইট্রোজেন গ্যাস। চিপস কুড়মুড়ে ও সতেজ রাখার জন্যেই চিপসের প্যাকেট নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। নাইট্রোজেন গ্যাস ছাড়া চিপস একেবারেই নরম হয়ে যেত এবং দ্রুত খাওয়ার অযোগ্য হয়ে পড়ত।

১৯৯৪ সালে কিছু বিজ্ঞানী আবিষ্কার করেন যে, নাইট্রোজেন গ্যাসের সংস্পর্শে প্যাকেটজাত চিপস একদম মচমচে ও সতেজ থাকে। শুধু তাই নয়, কিছু চিপসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস তাদের স্বাদও বাড়িয়ে দিয়েছে। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস মূলত এই কারণেই ব্যবহার করা হয়। এছাড়া, চিপসের প্যাকেটে গ্যাস থাকার ফলে প্যাকেটজাত চিপসগুলো পরিবহনের সময় ধাক্কা থেকে সুরক্ষিতও থাকে।

এরপরেও চিপস কেনার সময় যদি আপনার মনের ভেতর খুঁতখুঁত করে, তবে জেনে রাখুন, চিপসের প্যাকেটের গায়ে চিপসের নেট ওজন লিখে দেওয়া থাকে। যা প্যাকেটের ভেতরে থাকা চিপসের প্রকৃত ওজন প্রকাশ করে, পুরো প্যাকেটের নয়। তাই, চিপস কেনার সময় ওজন দেখে কিনলে আপনার আক্ষেপ অনেকটাই কমতে পারে।