রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার সহজ উপায়! হাতের কাছে থাকা জিনিস দিয়েই হবে কাজ

নখ রাঙানো ফ্যাশনের অন্যতম অংশ। পছন্দের রঙে নখ সাজাতে অনেকেই ভালোবাসেন। তবে নেলপলিশ ব্যবহারের পর সেটি তোলার প্রয়োজনও হয়। সাধারণত নেলপলিশ তোলার জন্য আমরা রিমুভার ব্যবহার করি। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন রিমুভার হাতের কাছে থাকে না বা ফুরিয়ে যায়। তখন নেলপলিশ তোলা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। তবে আর নয়! আজ জেনে নিন রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার কিছু সহজ উপায়, যা আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই সম্ভব।

হ্যান্ড স্যানিটাইজার:

করোনা মহামারীর পর হ্যান্ড স্যানিটাইজার এখন প্রায় সকলের ব্যাগেই থাকে। এই জীবাণুনাশক শুধু হাত পরিষ্কার করতেই নয়, নেলপলিশ তুলতেও দারুণ কাজ দেয়। নেলপলিশ রিমুভার না থাকলে সামান্য হ্যান্ড স্যানিটাইজার নখের উপর স্প্রে করুন। এরপর একটি তুলো দিয়ে হালকাভাবে ঘষে নিন। দেখবেন, নেলপলিশ সহজেই উঠে আসছে।

পারফিউম:

সুগন্ধি ব্যবহার করতে তো সকলেই ভালোবাসেন। জানেন কি, আপনার প্রিয় পারফিউম নেলপলিশ রিমুভারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, পারফিউমও নেলপলিশ তুলতে সমান কার্যকরী। হ্যান্ড স্যানিটাইজারের মতোই অল্প পরিমাণে পারফিউম নখের উপর স্প্রে করুন এবং একটি টিস্যু দিয়ে ধীরে ধীরে ঘষে তুলুন। তবে নখে কখনোই জোরে ঘষা দেবেন না।

ডিওডোরেন্ট:

ঘামের দুর্গন্ধ দূর করতে ডিওডোরেন্ট ব্যবহার করা হয়। তবে এটি দিয়েও নেলপলিশ তোলা সম্ভব। প্রথমে নখের উপর সামান্য ডিওডোরেন্ট স্প্রে করুন। এরপর তুলো দিয়ে হালকা করে ঘষতে থাকুন। প্রথমবারে নাও উঠতে পারে, সেক্ষেত্রে আরও একবার ব্যবহার করতে পারেন।

টুথপেস্ট:

দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্টের ব্যবহার সকলেরই জানা। তবে অবাক করার বিষয় হল, এটি দিয়ে নেলপলিশও তোলা যায়। প্রথমে নখের উপর অল্প পরিমাণে টুথপেস্ট নিন। তারপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হাতে নখের উপর ঘষতে থাকুন। টুথপেস্টে ইথানল নামক একটি উপাদান থাকে, যা নেলপলিশ রিমুভারেও ব্যবহার করা হয়।

সুতরাং, পরের বার যখন আপনার নেলপলিশ রিমুভার ফুরিয়ে যাবে বা হাতের কাছে থাকবে না, তখন এই সহজ উপায়গুলো ব্যবহার করে দেখতে পারেন। আপনার হাতের কাছে থাকা এই জিনিসগুলোই নখ থেকে নেলপলিশ তুলতে সাহায্য করবে।