২ অক্টোবর কি আর চলবে না অনলাইন পেমেন্ট? দেশজুড়ে ‘নো ইউপিআই ডে’ ঘোষণা মোবাইল দোকানদারদের!

ডিজিটাল পেমেন্টের যুগে হঠাৎ করেই বড়সড় ঝামেলার মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ইউপিআই (UPI) লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চার্জ বসানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে মোবাইল বিক্রেতাদের শীর্ষ সংগঠন ‘অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন’ (AIMRA)। আগামী ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন দেশজুড়ে ‘নো ইউপিআই ডে’ (No UPI Day) পালনের ঘোষণা করা হয়েছে।

কেন এই প্রতিবাদ ও বর্জন?

সরকারের তরফ থেকে আগামী ১৫ অক্টোবর থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর ০.৪ শতাংশ ফি বা এমডিআর ধার্য করা হয়েছে। যদিও ব্যক্তিগত লেনদেন এবং ছোট অঙ্কের পেমেন্টকে এই চার্জের আওতার বাইরে রাখা হয়েছে, তবুও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এআইএমআরএ-র ভাইস প্রেসিডেন্ট এবং দিল্লি এনসিআর অঞ্চলের প্রেসিডেন্ট তারবিন্দর সিং এক বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন, আগামী ২ অক্টোবর দেশের সমস্ত মোবাইল বিক্রেতা গান্ধী জয়ন্তীতে তাদের দোকানের ইউপিআই কিউআর (QR) কোড কালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ওই দিন তারা কোনো ধরনের ইউপিআই পেমেন্ট গ্রহণ করবেন না।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর আর্থিক বোঝা

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পাঠানো AIMRA-র একটি স্মারকলিপিতে জানানো হয়েছে যে, এই নতুন নিয়মের ফলে খুচরা বিক্রেতাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। যেসব ক্ষুদ্র খুচরা বিক্রেতা ইউপিআই-এর মাধ্যমে প্রতি মাসে ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার ব্যবসা করেন, তাঁদের প্রতি মাসে সরাসরি ২,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত লোকসান হবে।

সংগঠনের হিসাব অনুযায়ী, এই ০.৪ শতাংশ এমডিআর চার্জের কারণে সারা দেশের ক্ষুদ্র মোবাইল খুচরা বিক্রেতাদের ওপর প্রতি মাসে প্রায় ৪০ কোটি টাকা এবং বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে, যা ছোট ব্যবসায়ীদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।

ডিজিটাল ভারতের বিরুদ্ধে নয়, দাবি শূন্য এমডিআর-এর

ব্যবসায়ীদের স্পষ্ট কথা, এটি কোনোভাবেই ডিজিটাল ভারতের অগ্রগতির বিরুদ্ধে বা ইউপিআই ব্যবস্থার বিরোধিতায় কোনো প্রতিবাদ নয়। তাঁরাও দেশকে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নিয়ে যেতে চান। তবে তাঁদের দাবি, যদি সত্যিই দেশ ডিজিটাল ভারত হিসেবে গড়ে ওঠে, তবে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এমডিআর চার্জ সর্বদাই শূন্য (Zero MDR) রাখা উচিত। এখন দেখার বিষয়, সরকারের তরফ থেকে এই প্রতিবাদের পর কী পদক্ষেপ নেওয়া হয় এবং আগামী ২ অক্টোবরের এই দেশব্যাপী প্রতিবাদ কতটা প্রভাব ফেলে।