চুল পড়া বন্ধ হবে রান্নাঘরের এক উপাদানেই! জানুন রসুনের আশ্চর্য ব্যবহার

রসুন শুধু রান্নাঘরের এক অপরিহার্য উপাদানই নয়, এর রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। শারীরিক নানা সমস্যা সমাধানে এই প্রাকৃতিক ভেষজ এক দুর্দান্ত প্রতিকার। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক কোয়া রসুন খেলে বহু রোগ দূরে থাকে।

তবে শুধু শারীরিক সমস্যা নয়, চুলের যাবতীয় সমস্যার সমাধানেও রসুন এক জাদুকরী উপাদান হিসেবে কাজ করে। চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। বিভিন্ন হেয়ার প্যাক থেকে শুরু করে দামি তেল ব্যবহারেও অনেক সময় এই সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ে।

তবে আপনার রান্নাঘরের একটি উপাদানই মুক্তি দিতে পারে এই চুল পড়ার সমস্যা থেকে। রসুনে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক এবং সালফার মাথার ত্বকের স্বাস্থ্য উন্নতিতে সহায়ক। এছাড়াও, রসুনে মজুত সেলেনিয়াম চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে। যার ফলে চুল পড়ার সমস্যা ধীরে ধীরে কমে আসে।

শুধু তাই নয়, রসুনের ব্যবহারে খুশকির প্রকোপও কমে এবং কোলাজেনের উৎপাদন বাড়ে। এর ফলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায় এবং চুল হয়ে ওঠে আরও ঝলমলে। তবে এর জন্য জানতে হবে চুলে রসুন ব্যবহারের সঠিক পদ্ধতি:

রসুনের পেস্ট: ৮-১০টি রসুনের কোয়া ভালোভাবে বেটে পেস্ট তৈরি করুন। এই পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন এবং তারপর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন।

রসুনের রস ও গোলাপ জল: রসুনের পেস্ট তৈরি করে রস বের করে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত গোলাপ জল লাগিয়ে কম করে আধ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পরিমাণ মতো রসুনের রস নিয়ে চুলে এবং স্ক্যাল্পে ৫ মিনিট ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিয়ে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ১৫ মিনিট পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুবার এভাবে চুলের যত্ন নিলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্বও বাড়বে।

রসুন, আদা ও ক্যাস্টর অয়েল: ৭-৮টি রসুনের কোয়া এবং ২ ইঞ্চি আদা ভালোভাবে ব্লেন্ড করে নিন। একটি বাটিতে আধা কাপ ক্যাস্টর অয়েল নিয়ে ২ মিনিট গরম করুন, যতক্ষণ না মিশ্রণটি হালকা খয়েরি রঙের হয়। আঁচ বন্ধ করে মিশ্রণ ছেঁকে তেল সংগ্রহ করুন। ঠান্ডা হলে এই তেল স্ক্যাল্পে লাগিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর ভালোভাবে চুল ধুয়ে নিন।

রসুন ও মধু: কয়েকটি রসুনের কোয়া ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। সপ্তাহে তিনবার এই মিশ্রণ চুলে ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে। এর পাশাপাশি চুলের আর্দ্রতা বাড়বে এবং চুল আরও উজ্জ্বল হবে।

সুতরাং, চুল পড়ার সমস্যায় আর দুশ্চিন্তা নয়। রান্নাঘরের এই সহজলভ্য উপাদানটি ব্যবহার করেই আপনি পেতে পারেন ঘন, মজবুত ও ঝলমলে চুল। শুধু প্রয়োজন সঠিক পদ্ধতি জানা এবং নিয়মিত যত্ন নেওয়া।