সাবধান! পাবলিক ওয়াই-ফাই আপনার গোপন তথ্য ফাঁস করতে পারে, জারি করলো সতর্কতা

আজকের দিনে বিমানবন্দর, কফি শপ বা পার্কের মতো জনবহুল স্থানে বিনামূল্যে ওয়াই-ফাইয়ের সুবিধা পাওয়া যায়। অনেকেই এই সুযোগটি লুফে নেন। তবে এই ফ্রি নেট ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে বলেছে সরকার। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার আপনার ব্যক্তিগত এবং আর্থিক তথ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সরকার এই বিষয়ে জনসাধারণকে কঠোরভাবে সতর্ক করেছে এবং পাবলিক নেটওয়ার্কে সংবেদনশীল কার্যকলাপ করতে নিষেধ করেছে।
এই বিষয়ে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি বিশেষ পরামর্শ জারি করেছে। সেখানে বলা হয়েছে, পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কগুলি সাধারণত সুরক্ষিত নয়। সাইবার অপরাধীরা খুব সহজেই এই অনিরাপদ সংযোগগুলিকে হ্যাক করতে পারে। এর ফলে ডেটা চুরি, আর্থিক ক্ষতি এবং পরিচয় চুরির মতো ঘটনা ঘটতে পারে।
পরামর্শে আরও উল্লেখ করা হয়েছে, পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় বা এর মাধ্যমে ব্যাঙ্কিং লেনদেন, অনলাইন কেনাকাটা অথবা অন্য কোনও ব্যক্তিগত তথ্য প্রবেশ করানো এড়িয়ে চলুন। এই ধরনের কার্যকলাপ আপনার আর্থিক নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের জন্য বিপজ্জনক হতে পারে।
CERT-In কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা টিপসও দিয়েছে। অজানা কোনও লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনার প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য দীর্ঘ এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলির নিয়মিত ব্যাকআপ নিন এবং সেগুলি একটি আলাদা এক্সটার্নাল ড্রাইভে সংরক্ষণ করুন। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় লগ ইন করার সময় বা ইমেল চেক করার সময়ও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
নিরাপত্তার জন্য একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করার এবং ব্রাউজারে অটোফিল ফিচার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ভ্রমণের সময় বেশি পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করেন, তাদের জন্য সরকার বিশেষভাবে সতর্কবার্তা জারি করেছে। নিরাপত্তা ছাড়া এই নেটওয়ার্কগুলিতে সংযোগ স্থাপন করলে আপনার ডেটা সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে।
উল্লেখ্য, CERT-In হল দেশের সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রধান সংস্থা। এটি ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। এই সংস্থার মূল কাজ হল সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, সেগুলি বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনসাধারণকে অবগত করা। তাই, নিজের মূল্যবান তথ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন।