সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি ঘুম। প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা ঘুম না হলে দেখা দিতে পারে নানাবিধ শারীরিক সমস্যা। ঘুম কম হলে তার প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যেও। কাজেই অনিদ্রার সমস্যা থাকলে তা অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে দীর্ঘ দিন এই সমস্যা থেকে গেলে হতে পারে ইনসমনিয়া।
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা যেমন তাড়াতাড়ি ঘুমাতে পারেন না, তেমনই এক বার তাদের ঘুম ভেঙে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না। আসুন জেনে নিই ৫ উপায়, যা মেনে চললে দূর হবে অনিদ্রার সমস্যা।
১. ঘুমাতে যাওয়ার সময় পরিবেশ শান্ত রাখা জরুরি। উজ্জ্বল আলোর বদলে মৃদু নীল রঙের আলো থাকলে সুবিধা।
২. অনিদ্রা দূর করতে হলে দৈনিক কি পরিমাণ ক্যাফেইন শরীরে যাচ্ছে তা খেয়াল রাখতে হবে। ক্যাফেইনযুক্ত খাবারে রাশ টানা জরুরি। সন্ধ্যার পর চা-কফি না খাওয়াই ভালো।
৩. মানসিক চাপে জর্জরিত থাকলে ঘুম না আসা স্বাভাবিক। সেক্ষেত্রে মনোবিদের পরামর্শ নিতে হবে। ধ্যান ও সঠিক ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম ঘুমে সহায়তা করে। নিয়ম করে এ ধরনের অনুশীলন করলে মানসিক চাপ ও অনিদ্রা থেকে মুক্তি মিলতে পারে।
৪. প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটি নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়া, ডায়েরি লেখা। এ ধরনের অভ্যাস দীর্ঘস্থায়ী ভাবে অনিদ্রা উপশমে সহায়তা করে।
৫. ঘুমাতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ করতে হবে বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার। চোখ বন্ধ করার ঘণ্টা খানেক আগে থেকে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে তাকানো যাবে না একেবারেই।