কয়েক বছর জমিয়ে প্রেম করার পর বিয়ের প্রসঙ্গ আসতেই পিছিয়ে যাচ্ছে সঙ্গী? সম্প্রতি যোগাযোগে রাশ টেনছেন তিনি? ফোনেও বেশির ভাগ সময়ই ব্যস্ত?
আসলে সমস্যাগুলো আমাদের কাছে অপরিচিত নয়। নিজেদের বা চার পাশের অনেকের জীবনেই এমন ঘটনার সাক্ষী থাকি আমরা। অথচ মনোবিদরা বলেন, বেশির ভাগ ‘ভুল’ সম্পর্কেই একটা সময়ের পর কিছু আচরণগত প্রকাশ দেখা যায়, যা দেখে আন্দাজ করা যায় আদৌ সম্পর্কটা সুস্থ আছে কি-না। মানুষটি আদৌ ঠকাচ্ছেন কি-না। মনোবিদদের মতে, অন্যের থেকে কিছু লুকানোর প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের আচরণে বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়ে। আর দীর্ঘ দিন যাদের সঙ্গে সম্পর্ক, তারা এটি বুঝতে পারেন সহজে।
প্রেমের সম্পর্কে এমন কিছু লক্ষণ আছে, যা দেখলে সচেতন হোন এখনই। বিশেষ কোনও কারণ ছাড়াই যদি সঙ্গী সে সব আচরণ করেন, তাহলে বুঝবেন এই সম্পর্ক নিয়ে তিনিও আর আগ্রহী নন। তাই ঠকার আগেই সতর্ক হওয়া জরুরি। দেখুন তো, এমন কিছু ঘটনা আপনার বা কোনও পরিচিতর সঙ্গে ঘটছে না তো?
হঠাৎই বন্ধুর মতো আচরণ
হঠাৎই সঙ্গী পুরোদস্তুর বন্ধুর মতো আচরণ করছে কি? প্রেমে বন্ধুত্ব থাকতেই হয়, কিন্তু শুধুই বন্ধুত্ব ও প্রেমজ সম্পর্কের মধ্যে কিছুটা ফারাক থাকে। প্রেমিক বা প্রেমিকার আচরণে যদি হঠাৎই স্রেফ বন্ধুত্বের ছাপ পান, তাহলে এখনই সচেতন হন।
দেখা করা বা ফোন ধরায় অনীহা
সঙ্গী দূরে থাকুন বা কাছে, নিত্য ব্যস্ততার মধ্যেও সঙ্গীকে সময় দেওয়ার জন্য হাতে সময় রাখা উচিত সবারই। কিন্তু হঠাৎই কোনও কারণ ছাড়াই দেখা করা বা ফোন করা এড়িয়ে যাচ্ছেন কি সঙ্গী? নানা ব্যস্ততার কথা দিনের পর দিন বলছেন। তার তরফ থেকে দেখা করার কোনও ইচ্ছা নজরে আসছে না। এমনকি, আপনাদের দীর্ঘ দিন দেখা না হওয়া বা ফোনে ভাল করে কথা না হওয়া নিয়েও তার কোনও অভিযোগ নেই! এমন হলে সতর্ক হোন।