শৈলরানির মুকুটে নতুন পালক! দার্জিলিং-বিজনবাড়ি রোপওয়ে গড়তে উদ্যোগী কেন্দ্র, চাওয়া হলো ফিজিবিলিটি রিপোর্ট

শিলিগুড়ি/দার্জিলিং: দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে এবার সরাসরি উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। দার্জিলিং থেকে বিজনবাড়ি পর্যন্ত রোপওয়ে (Ropeway) নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ (Feasibility Report) চাইল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

মাসখানেক আগেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির কাছে এই প্রস্তাব দিয়েছিলেন। মূলত কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় পর্বতমালা’ প্রকল্পের অধীনে দার্জিলিং ও বিজনবাড়িকে পর্যটন মানচিত্রে জুড়তে রোপওয়ে চালুর আবেদন করেন তিনি। এবার তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র রিপোর্ট চাইল। কেন্দ্রীয় সড়ক পরিবহণের রাষ্ট্রমন্ত্রী অজয় টামটা চিঠি দিয়ে সাংসদকে এই অগ্রগতির কথা জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্র এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট চেয়েছে। রোপওয়ে তৈরি কতটা যুক্তিযুক্ত, এর প্রয়োজনীয়তা কী, চালু হলে কী কী সুবিধা হবে এবং পরিবেশের উপর এর প্রভাব কী হতে পারে—এমন একাধিক বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া রোপওয়ে হলে তা কোন গ্রেডের হবে, সে বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।

সাংসদ রাজু বিস্তা জানান, রোপওয়ের মাধ্যমে দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হলে পর্যটন শিল্প এবং স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। একইসঙ্গে শিলিগুড়ি থেকে দুধিয়া, বালাসন, ধোতরে, ঘুম হয়ে দার্জিলিং পৌঁছনোর জন্য বিকল্প সড়কের ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির জন্যও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সাংসদের দাবি, তাঁর প্রস্তাবিত রোপওয়ের ডেলো-কালিম্পং এবং রেলি-চিত্রের মতো অন্যান্য রুটগুলিও মন্ত্রক গুরুত্ব সহকারে দেখছে। তবে, আপাতত দার্জিলিং-বিজনবাড়ি রোপওয়ের ভবিষ্যৎ রাজ্যের ফিজিবিলিটি রিপোর্টের ওপরই নির্ভর করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy