শিশু দিবসের দিনই মর্মান্তিক পরিণতি! ১০ মিনিট দেরিতে স্কুলে আসায় ১০০ বার ওঠবোস, মৃত্যু হল ১২ বছরের ছাত্রীর!

শিশু দিবসের (Children’s Day) দিনই এক মর্মান্তিক ঘটনায় মহারাষ্ট্রের ভাসাইতে এক ১২ বছর বয়সী ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, স্কুলে মাত্র দশ মিনিট দেরিতে পৌঁছনোর ‘শাস্তি’ হিসেবে শিক্ষক তাকে একশো বার কান ধরে ওঠবোস করতে বলেছিলেন। শিক্ষকের সেই নির্দেশ পালন করতে গিয়েই প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ওই বালিকার।

শুক্রবার, মহারাষ্ট্রের ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাইস্কুলে এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম কাজল গোন্ড। এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাত্র দশ মিনিট দেরিতে স্কুলে আসায় ক্লাসের শিক্ষক তাকে এই কঠোর শাস্তি দেন। একশো বার ওঠবোস করার পরই কাজলের কোমরের কাছে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়।

বাড়ি ফেরার পর কাজলের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে প্রথমে নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর অবনতি হওয়ায় পরে তাকে মুম্বইয়ের জে জে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই ছাত্রীর।

কাজলের পরিবারের অভিযোগ, স্কুলের অমানবিক ও কঠোর শাস্তির কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়। তাদের আরও দাবি, ওই শিক্ষক কাজলকে পিঠে স্কুলব্যাগ নিয়েই একশো বার ওঠবোস করতে বাধ্য করেছিলেন, যার ফলে তার পিঠ ও কোমরে মারাত্মক যন্ত্রণা শুরু হয়।

এই ঘটনায় স্কুলের অন্যান্য অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) হুঁশিয়ারি দিয়েছে, যতদিন না পর্যন্ত দোষীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করছে, ততদিন পর্যন্ত স্কুলটি খুলতে দেওয়া হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy