ট্র্যাকের দুই লাইনের মাঝের ফাঁকা জায়গা, যেখানে সাধারণত পাথর বা স্লিপার দেখা যায়—এবার সেই অব্যবহৃত স্থানকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগাতে শুরু করেছে এক অভিনব পরীক্ষা। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (NCRTC) এই বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে।
গাজিয়াবাদের দুহাই ডিপোতে আপাতত পরীক্ষামূলকভাবে ৭০ মিটার রেললাইনের ফাঁক ভরে দেওয়া হয়েছে সোলার প্যানেল দিয়ে। লাইন দু’টি যেমন আছে তেমনই থাকবে, আর মাঝের ফাঁকা স্থানে বসানো হয়েছে ২৮টি সোলার প্যানেল।
বিশেষজ্ঞদের মতে, সূর্যের আলো এই খোলা সোলার প্যানেলগুলির ওপর পড়বে এবং সেখান থেকে তৈরি হবে সৌর বিদ্যুৎ। এই ২৮টি প্যানেল বছরে প্রায় ১৭,৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।
অদূর ভবিষ্যতে এই ব্যবস্থা সফল হলে, তা মেট্রো রেল-সহ অন্যান্য রেল পরিষেবার বিদ্যুতের চাহিদা অনেকটা মেটাতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ব্যবস্থার ব্যাপক ব্যবহার শুরু হলে তা পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গমনেও অনেকটাই লাগাম দেবে।
বর্তমানে ভারতজুড়েই সৌর বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। যেখানে অনেকেই বাড়ির ছাদ বা বাগানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছেন, সেখানে রেললাইনকে কাজে লাগিয়ে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। আপাতত প্রকল্পটি পরীক্ষার স্তরে রয়েছে এবং এর কার্যকারিতা নিবিড়ভাবে পরখ করা হচ্ছে।