যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় এক মহিলা-সহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। পাচারকারীরা প্লাস্টিকের ঝুড়ি ও বালতি কেটে তার ভেতর দক্ষতার সঙ্গে গাঁজার প্যাকেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ বড় আন্দুলিয়া এলাকায় ওত পেতে ছিল। এরপরই কলকাতা থেকে করিমপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ এক মহিলা-সহ মোট সাত জনকে আটক করে। ধৃতদের মধ্যে চার জন গাঁজা পাচারের মূল চক্রের সঙ্গে যুক্ত এবং বাকি তিন জন বাস কর্মী বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাসটি ধর্মতলা থেকে যাত্রা শুরু করার সময়ই গাঁজার প্যাকেটগুলি তোলা হয়েছিল এবং সেগুলি করিমপুরে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তল্লাশির পর বাস থেকে মোট ১৬টি প্যাকেট উদ্ধার হয়, যাতে ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা মজুত ছিল। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গ্রেফতার হওয়া সাতজন হলেন: পাচারকারী— রজ্জাক হোসেন (৩০), হামিদুল ইসলাম মিঞা (৪০), তরিবা খাতুন (৪৫) ও প্রভাস বিশ্বাস (৪১)। বাস কর্মী— বাস কনট্রাক্টর বঙ্কিম বিশ্বাস (৪২), বাসের হেল্পার অপুর্ব হালদার (৩০) ও বাস হেল্পার তাহেরুদ্দিন মণ্ডল (৫৮)।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (NDPS Act) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এই পাচার চক্রের পেছনে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।