বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চলল চোরের তাণ্ডব। কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার বাসিন্দা, প্রাক্তন সেনা জওয়ান শঙ্কর চন্দ্র দত্তের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর, শনিবার, দুর্গাপুরে একটি আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে সপরিবারে গিয়েছিলেন শঙ্করবাবু।
রবিবার রাতে বাড়ি ফিরে প্রাক্তন সেনা জওয়ানের চক্ষু চড়কগাছ। তিনি দেখেন, বাড়ির সদর গেট-সহ ভিতরের একাধিক ঘরের তালা ভাঙা। প্রতিটি ঘরের আলমারির লকার ভেঙে জিনিসপত্র ছড়ানো। লক্ষ লক্ষ টাকার ক্ষতির জেরে কপাল চাপড়াতে থাকেন শঙ্করবাবু।
পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে বাড়ি থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ভরি সোনার গয়না এবং আড়াই লক্ষ টাকা নগদ অর্থ চুরি গিয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতির জেরে তিনি দ্রুত ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে রবিবার রাত থেকেই ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা তদন্তে আসেন।
এ প্রসঙ্গে সোমবার দুপুরে শঙ্করবাবু বলেন, “আমরা বাড়িতে না থাকার বিষয়টি জানতে পেরেই এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছি।” এই ঘটনার পর তাঁর স্ত্রীও অত্যন্ত আতঙ্কিত।
স্থানীয় এক এলাকাবাসী অভিযোগ করেন, এই এলাকায় এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় গোটা নন্দগ্রাম এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।