শ্বশুরবাড়ির লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-২ ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েতের হৃষি এলাকায়। মৃত গৃহবধূর নাম পাপিয়া দাস (২৩)। মাত্র দেড় বছর আগে মুরাগাছার বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
পাপিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো। অভিযোগ, গতকাল সেই নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছলে তীব্র অশান্তির জেরে শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন পাপিয়া।
খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গে পাপিয়ার স্বামী বিশ্বজিৎ দাস এবং শাশুড়ি সেবিকা দাসকে গ্রেফতার করেছে। আজ, সোমবার অভিযুক্ত দু’জনকে কালনা আদালতে তোলা হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। আজই কালনা হাসপাতালে মৃতদেহটির ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।