পুরুলিয়ার বলরামপুরে রহস্যময় জোড়া খুন! প্রতিবেশী যুবকের লাঠির আঘাতে মৃত বৃদ্ধ দম্পতি, গ্রেফতার অভিযুক্ত

রহস্যময় খুনের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বলরামপুরে। সেখানে এক প্রতিবেশী যুবকের হাতে নৃশংসভাবে খুন হতে হলো এক বৃদ্ধ দম্পতিকে।

জানা গেছে, শুক্রবার বলরামপুর থানার হাড়াশালডি গ্রামের যুবক ঘটক সিং সর্দার গ্রামেরই হাঁড়িরাম সিং সর্দার (৬৩) এবং তাঁর স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার (৫৫)-কে তাঁদের বাড়ির সামনে নৃশংসভাবে লাঠিপেটা করে। যুবকের আক্রমণে দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। অভিযুক্ত যুবক ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর হাঁড়িরাম সিং সর্দারের ছেলে বাড়ি ফিরে বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি বলরামপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হাঁড়িরাম সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী বিন্দেশ্বরী দেবীকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা বিন্দেশ্বরী সিং সর্দারকেও মৃত বলে ঘোষণা করেন।

কেন এই খুনের ঘটনা, সে বিষয়টি স্পষ্ট না হলেও পুলিশ অভিযুক্ত যুবক ঘটক সিং সর্দারকে গ্রেফতার করেছে। বলরামপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আজই মৃত ওই দম্পতির দেহগুলির ময়নাতদন্ত হবে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। ঘটনার জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy