দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণ-স্থল থেকে ৩টি ৯ মিমি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বিশেষজ্ঞ আধিকারিকদের মধ্যে উদ্ধার হওয়া কার্তুজগুলির মধ্যে ২ টি তাজা অবস্থায় এবং একটি কার্তুজের শেল মিলেছে। এই উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণত নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সদস্যরাই ৯ মিমি কার্তুজ ব্যবহার করে থাকেন।
তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে ঘটনাস্থলে কোনও পিস্তল বা আগ্নেয়াস্ত্রের অংশ পাওয়া যায়নি। ফলে সেখানে এই তাজা কার্তুজ কোথা থেকে এল, তা নিয়ে সন্দিহান তদন্তকারীরা। অন্যদিকে, ঘটনাস্থলে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কার্তুজের সঙ্গে উদ্ধার হওয়া কার্তুজের কোনো মিল পাওয়া যায়নি। এর থেকে স্পষ্ট, উদ্ধার হওয়া কার্তুজগুলি ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের নয়। এই কার্তুজগুলির উৎস কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বিস্ফোরণ কাণ্ডে আটক আরও দুই চিকিৎসক:
প্রসঙ্গত, সোমবারের দিল্লি বিস্ফোরণ কান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঘটনায় মূল অভিযুক্ত উমর নবীর বিস্ফোরণেই মৃত্যুর পর প্রাথমিকভাবে দুই চিকিৎসক মুজাম্মিল শাকিল এবং ডঃ শাহিনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার সঙ্গে যোগসূত্র মেলায় শনিবার আরও ৩ জনকে আটক করে দিল্লি পুলিশের বিশেষ সেল এবং এনআইএ।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বিতর্কিত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। গতকাল হরিয়ানার নূহ এলাকা থেকে মহম্মদ ও মুস্তাকিম নামক দুই সন্দেহভাজনকে আটক করা হয়। তদন্তকারী সূত্রের মতে, গ্রেফতার হওয়া মুজাম্মিল এবং বিস্ফোরণের মূল অভিযুক্ত উমর নবীর সঙ্গে এই দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিস্ফোরণের ঘটনায় এঁদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।