ছাড়ের টানে থিকথিকে ভিড়, এগরা মহকুমা বইমেলা ‘জমে ক্ষীর’! ১৩তম বর্ষে বই-সংস্কৃতি-কুইজের বর্ণময় সমাহার

পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা বইমেলা (Egra Book Fair) উদ্বোধনের পর থেকেই বইপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবছর এই মেলা তার ১৩তম বর্ষে পদার্পণ করল। প্রথম দিন থেকেই বই কেনার জন্য প্রতিটি স্টলের সামনে ভিড় চোখে পড়ার মতো।

এগরা শহরের দিঘামোড় পানিপারুল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মোট ১৮টি প্রকাশনী সংস্থা তাদের বিভিন্ন ধরনের বই—গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, বিজ্ঞান, শিশু সাহিত্য, রান্নার বই, ইতিহাস সহ নানান বিভাগের বই দিয়ে স্টল সাজিয়েছে। ব্যাপক ছাড়ের সুবিধা থাকায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ পাঠক, সকলেই মেলায় ভিড় জমাচ্ছেন।

এগরা মহকুমা বইমেলার আয়োজন করেছে এগরা প্রেসক্লাব এবং এগরা মহকুমার পৌর ও ত্রিস্তরীয় পঞ্চায়েত। মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাংস্কৃতিক পরিবেশ এবং নতুনত্বের ছোঁয়া আনা হয়েছে।

এগরা মহকুমা বইমেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র জানান, “মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আমাদের লক্ষ্য শুধু বই বিক্রি নয়, এগরার মানুষকে একটি সাংস্কৃতিক পরিবেশ দেওয়া।” তিনি আরও বলেন, প্রতিদিন আলাদা আলাদা থিমে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা, কুইজ, আবৃত্তি, নাচ-গান সহ বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ আয়োজন রাখা হয়েছে। সব মিলিয়ে এগরা মহকুমা বইমেলা স্থানীয় মানুষের কাছে আনন্দের বার্তা বয়ে এনেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy