বিহারে সদ্য সমাপ্ত নির্বাচনে বড় চমক দিয়েছে বিজেপি। দলীয় কৌশলকে পুরোপুরি সফল করে ভোটে জিতলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর। মাত্র ২৫ বছর বয়সে আলিনগর আসন থেকে জিতে তিনি এখন বিজেপির ইতিহাসে সবচেয়ে কম বয়সি বিধায়ক।
হেভিওয়েট প্রতিযোগিতা এবং হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আলিনগর। গত নির্বাচনেও এই কেন্দ্রে ভিআইপি প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। কিন্তু লোকশিল্পী মৈথিলীর কাছে এবার যেন লড়াইটা একেবারেই সহজ ছিল। তিনি হাসতে হাসতে জিতে গেলেন এই আসনটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের থেকে প্রায় ৮৩০০-এরও বেশি ভোটে এগিয়ে ছিলেন।
তরুণদের মধ্যে মৈথিলীর ব্যাপক জনপ্রিয়তা কাজে লাগিয়ে মিথিলাঞ্চল অঞ্চলে দলের প্রভাবকে আরও জোরদার করার লক্ষ্যে তাঁর মনোনয়ন ছিল বিজেপির একটি অত্যন্ত কৌশলগত পদক্ষেপ। গেরুয়া শিবির এই বাজি খেলায় সফল।
বিজেপিতে যোগদানের পরেই মৈথিলী তাঁর রাজনৈতিক অবস্থানের কারণ স্পষ্ট করে বলেছিলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে মুগ্ধ। আমার লক্ষ্য সমাজে সেবা করা এবং বিহারের উন্নয়নে অবদান রাখা।”
জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২ তম মরশুমে প্রতিযোগী হিসেবে মৈথিলীকে দেখা গিয়েছিল। এরপর তিনি বলিউডের ছবিতে প্লে-ব্যাকও করেছেন। মৈথিলী ছাড়াও তিনি ভোজপুরি, আওয়াধি সহ নানা ভাষায় গান গেয়ে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। রাজনীতির নতুন ইনিংসে এই সঙ্গীতশিল্পী এবার উন্নয়ন ও সমাজসেবার সুরে সুর মেলাবেন।