ভোটার তালিকা তৈরির কাজে অতিরিক্ত কাজের চাপ এবং সময় স্বল্পতার কারণে রাজ্যে কার্যত প্রবল চাপের মধ্যে রয়েছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। এনুমারেশন ফর্ম বিলি করা, সংগ্রহ করা এবং তথ্য যাচাইয়ের জটিল প্রক্রিয়ায় এই চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
আজ, কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ২০৫ পার্টের BLO অনিমেষ নন্দী। তাঁকে তড়িঘড়ি বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য BLO-রা।
কমিশনের কড়া বার্তা ও পিছিয়ে পড়া জেলা
অন্যদিকে, আজ নির্বাচন কমিশন নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কমিশনের বার্তা— “কোনও ফেক এন্ট্রি হলেই BLO-দের শাস্তি পেতে হবে।” অর্থাৎ, এনুমারেশন ফর্মে সামান্য ভুল বা ভুয়ো তথ্য দিলে সরাসরি শাস্তির মুখে পড়তে হবে তাঁদের।
সূত্রের খবর, এখনও ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় কিছু জেলা নির্বাচনী আধিকারিক ক্ষোভের মুখে পড়েছেন। বিশেষত, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা তুলনামূলকভাবে পিছিয়ে আছে। বৈঠকে জেলা আধিকারিকরা BLO-দের ক্ষোভের কথা তুলে ধরেন এবং BLO-অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ERO, AERO ও অতিরিক্ত BLO-দের অনুমতির বিষয়টি আলোচনায় আসে। কমিশন এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
১৮ নভেম্বর ফের রাজ্যে কমিশন টিম
ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR) কোন পর্যায়ে আছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে কমিশন ফের তৎপর হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৮ নভেম্বর ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যের একটি টিম রাজ্যে আসছে। তারা উত্তর ও দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার আধিকারিকদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন। বারবার প্রশিক্ষণের পরেও কেন সমস্যা হচ্ছে, তা জানতে কমিশন DEO এবং ERO-দের সঙ্গেও বৈঠক করবে। নদীয়া, মুর্শিদাবাদ, মালদা জেলার কাজ নিয়েও পর্যালোচনা হবে।
বিতর্কের শেষ নেই BLO-দের নিয়ে
এই চাপের মধ্যেই কিছু BLO-র বিরুদ্ধে বিতর্কেরও শেষ নেই। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে— তিনি ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন। এর ফলে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠছে, BLO-রা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং তাঁদের সঙ্গে প্রায়শই শুধুমাত্র শাসকদলের (শাওয়া দলের) বিএলএ-দের দেখা যাচ্ছে।