“প্রকৃতিকে ভালবাসুন, জীবনকে আরও সুন্দর করে তুলুন”—এই সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে প্রায় ২৫২৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন হুগলির এক শিক্ষক। তাঁর লক্ষ্য ছিল গঙ্গার জল যত দক্ষিণে গড়িয়েছে, দূষণের মাত্রা কেন বেড়েছে, সেই বিষয়ে মানুষকে সচেতন করা।
হুগলির শিয়াখালার বাসিন্দা অভিযাত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় তাঁর এই অভিনব অভিযান শুরু করেন গত ৮ অক্টোবর উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী থেকে। ২৯ দিন ধরে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচটি রাজ্যের গঙ্গা নদী তীরবর্তী গ্রাম ও শহরের মানুষকে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেন তিনি। সাইকেলে তিনি সড়ক পথে মোট ২২৭১ কিলোমিটার পথ অতিক্রম করে ৫ নভেম্বর গঙ্গাসাগরে পৌঁছন।
এই দীর্ঘ যাত্রাপথে কৌশিক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছেন, উত্তর দিক থেকে যত দক্ষিণে গঙ্গা এগিয়েছে, নদীর উপর মানুষের নির্ভরতা তত বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে নদীর দূষণ মাত্রাও আরও প্রকট হয়েছে।
অভিযাত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, অভিযান শুরুর প্রথম আট দিন তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী (পাবলিক ট্রান্সপোর্টে)। এরপর তিনি একাই বাকি পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল নদী তীরবর্তী মানুষকে পরিবেশ রক্ষায় আরও বেশি সচেতন করা।
অভিযান শেষে তিনি বলেন, “উত্তর থেকে যত দক্ষিণে গঙ্গা এগিয়েছে, ততই দূষণ মাত্রাও বেড়েছে। তাই মানুষের মধ্যে আরও সচেতনতার প্রয়োজন। পরিবেশ ও নদী রক্ষার ক্ষেত্রে দক্ষিণের মানুষকে আরও সজাগ ও সচেতন হতে হবে।” ভবিষ্যতে আবার এভাবে সচেতনতার বার্তা নিয়ে অভিযানে নামবেন বলেও জানিয়েছেন এই শিক্ষক।