উত্তরপ্রদেশের সোনভদ্রে একটি পাথর খাদান ধসে (Sonbhadra mine collapse) মৃত্যু হল অন্তত দু’জন শ্রমিকের। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার পর এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে, আরও অন্তত ১২ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তবে ঠিক কতজন চাপা পড়ে আছেন, তা এখনও স্পষ্ট হয়নি প্রশাসনের তরফে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)-এর দল। এর পাশাপাশি ওব্রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দু’টি বেসরকারি সংস্থার বিশেষ উদ্ধারকারী দল এই অভিযানে যোগ দিয়েছে।
বিলি মার্কুণ্ডি খনিতে ভয়াবহ ধস:
শনিবার ওব্রা থানার আওতাধীন বিলি মার্কুণ্ডি খনিতে আচমকাই ধসে পড়ে বিশাল একটি অংশ। জেলা ম্যাজিস্ট্রেট বদ্রীনাথ সিং ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরাতে জোরকদমে কাজ চলছে এবং অতিরিক্ত যন্ত্রপাতি আনা হচ্ছে। এখনও পর্যন্ত ধসের সঠিক কারণ জানা যায়নি। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যের এক মন্ত্রী।
শ্রমিকদের দাবি:
দুর্ঘটনাস্থলে কাজ করা শ্রমিক ছোটু যাদব জানিয়েছেন, তাঁর দুই ভাই সন্তোষ যাদব ও ইন্দ্রজিৎ যাদব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
রাজ্যের এক মন্ত্রী জানান, ধস নামার সময় কমপক্ষে ১২ থেকে ১৫ জন শ্রমিক খনির ভেতর কাজ করছিলেন। আরেক শ্রমিক জানিয়েছেন, ওই খনিতে তখন নয়টি কম্প্রেসর চালু ছিল, এবং প্রতিটিতে একজন করে শ্রমিক কাজ করছিলেন। ফলে, আটকে পড়ার সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আটকে থাকা শ্রমিকদের খোঁজে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতায় রাতভর উদ্ধার অভিযান চলেছে। ওব্রার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিবেক কুমার সিং-সহ শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।