আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধকালীন উত্তেজনা চরমে পৌঁছানোয় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি। বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে ভারতীয় নাগরিকদের এই মুহূর্তে ইরান ভ্রমণে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে দেশটি ছেড়ে চলে আসার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত ও ইরানের মধ্যে কিছু বাণিজ্যিক বিমান পরিষেবা ফের চালু হলেও পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। আঞ্চলিক সংঘাতের জেরে আকাশপথের ওপর নানা বিধিনিষেধ জারি রয়েছে, যার ফলে বিমান চলাচল যে কোনো সময় অনিশ্চিত হয়ে পড়তে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, “ভারতীয় নাগরিকদের আকাশপথ বা স্থলপথে ইরানের দিকে যাত্রা না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।” বর্তমানে যারা সেখানে রয়েছেন, তাঁদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে নির্দিষ্ট স্থল সীমান্ত পথ ব্যবহার করে ফিরে আসতে বলা হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ২,৩৬১ জন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১,০৪১ জন শিক্ষার্থী রয়েছেন। ভারত কেবল নিজের নাগরিকই নয়, বরং বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং গায়ানার নাগরিকদেরও উদ্ধার করতে মানবিক সহায়তা প্রদান করেছে। বর্তমানে প্রায় ৭,৫০০ ভারতীয় ইরানে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দূতাবাস জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে: +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। এছাড়াও cons.tehran@mea.gov.in ইমেল মারফত সাহায্য চাওয়া যাবে। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিধি ক্রমশ বাড়তে থাকায় ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র।





