মোদির জন্য বিশেষ অভ্যর্থনা রোমে, দুই দেশের মেগা চুক্তিতে ঘুম উড়বে শত্রুদের?

পাঁচ দেশ সফরের শেষ পর্বে মঙ্গলবার ইতালিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমের ঐতিহাসিক কলোসিয়ামে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কলোসিয়ামের গ্যালারিতে মোদির সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মেলোনি তাঁকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “রোমে স্বাগত, আমার বন্ধু।”
নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে সফরের পঞ্চম তথা শেষ দফায় ইতালিতে পা রাখলেন মোদি। বর্তমানে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মজবুত। দুই দেশই ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯’ অনুযায়ী বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই দেশের বাণিজ্য দাঁড়িয়েছে ১,৬৭৭ কোটি ডলারে। ২০০০ সাল থেকে ভারতে ইতালির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৬৬ কোটি ডলার। সফর প্রসঙ্গে মোদি জানান, ভারত ও ইতালির সম্পর্ক আরও জোরদার করাই তাঁর লক্ষ্য। সফরে তিনি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি, বিশ্ব খাদ্য সুরক্ষায় ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরতে রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরেও যাবেন তিনি।