লোকসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড়সড় অগ্রগতির দাবি করল জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ বা ঝুলে থাকা অবস্থায় ছিলেন। কমিশন জানিয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ হয়েছে।
এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন এই তালিকায় প্রায় ৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত হয়েছে। বর্তমানে আরও ৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হওয়া বাকি। তবে কমিশনের কড়া আশ্বাস, প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের মধ্যেই বাকি সমস্ত তথ্য যাচাইয়ের কাজ শেষ করে ফেলা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে ‘বিবেচনাধীন’ রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নজরদারিতে ৭০৫ জন বিচারক দিনরাত এক করে এই বিশাল কর্মকাণ্ড সম্পন্ন করছেন। তবে এই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিতর্কও কম নয়। বিরোধীদের একাংশের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। মালদহ সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ এবং বিচারকদের ঘেরাও করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি সামাল দিতে ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।





