ধর্মীয় ভাবাবেগ ও পবিত্রতার পীঠস্থান বেনারস। যেখানে গঙ্গার ঘাটে সন্ধ্যারতি দেখতে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান, সেখানেই এবার ধরা পড়ল এক কলঙ্কিত ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, গঙ্গাবক্ষে নৌকার ওপর চলছে মদ ও মাংসের দেদার আয়োজন। সঙ্গে বাজছে কানফাটানো গান এবং চলছে উদ্দাম নাচ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নৌকার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিয়ারের ক্যান। একপাশে উনুন জ্বালিয়ে চলছে মাংস রান্নার প্রস্তুতি। পাশের আরও একটি নৌকায় উচ্চস্বরে গান বাজিয়ে একদল যুবক-যুবতীকে অশালীন ভঙ্গিতে নাচতে দেখা গেছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদমাধ্যম।
ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসেছে বেনারস পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রকাশ্যে মদ্যপান এবং গঙ্গার পবিত্রতা নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হয়েছে। নেটিজেনদের কেউ কেউ এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, আবার কারোর মতে পর্যটনস্থলে নজরদারি বাড়াতে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক করা উচিত। তবে এই ঘটনা ভারতের প্রকাশ্যে মদ্যপান ও সামাজিক শৃঙ্খলা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।




