মুর্শিদাবাদের রাজনীতির রঙিন চরিত্র হুমায়ুন কবীর। একসময় কংগ্রেস, তৃণমূল ও বিজেপির ঝাণ্ডা ধরা এই নেতা এখন নিজের দল ‘আম জনতার উন্নয়ন পার্টি’-র প্রধান। নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়ন পত্রের সাথে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তাঁর ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির খতিয়ান।
হুমায়ুন কবীরের আয় ও সম্পদ: হলফনামা অনুযায়ী, হুমায়ুনের বার্ষিক আয় ১৩ লক্ষ ২৬ হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৪ লক্ষ ৫২ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চয় ১ লক্ষ ৬২ হাজার টাকা। নিজের নামে কোনো বাড়ি না থাকলেও, হুমায়ুনের রয়েছে ৩৩ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি এবং ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের চাষযোগ্য জমি। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজার টাকা এবং সোনা রয়েছে ৫ লক্ষ ১৭ হাজার টাকার।
স্ত্রীর সম্পত্তি ও আইনি নথি: হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানও পিছিয়ে নেই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। এর মধ্যে ৯৪ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা (৬৩২.৫ গ্রাম) এবং ৯০ লক্ষ টাকা দামের একটি বসতবাড়ি রয়েছে। দম্পতির মোট সম্পদের পরিমাণ সাড়ে ৫ কোটি টাকা ছাড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ২০১৭ সালে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়া হুমায়ুনের বিরুদ্ধে বর্তমানে সাম্প্রদায়িক উস্কানিসহ ৪টি মামলা চলছে।





