উত্তর-পূর্ব ভারতের মণিপুরে মঙ্গলবার সকালে আছড়ে পড়ল শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ৪.৩ মাত্রার এই কম্পন মইরাং এলাকায় অনুভূত হয়। গত ১৮ মার্চের রেশ কাটতে না কাটতেই কামজোঙের পর এবার মইরাং-এ মাটির ৫০ কিমি গভীরে তৈরি হওয়া এই কম্পন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
তবে শুধু মণিপুর নয়, দক্ষিণবঙ্গ ও কলকাতাতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। দুপুর ১টা ২২ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জানা গিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনা থেকে ২৬ কিমি দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৯ থেকে ৫.৫-এর মধ্যে। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহুতল থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
অন্যদিকে, উত্তর ভারতের দিল্লি-এনসিআর, চণ্ডীগড় থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত চলতি মাসেই বড়সড় কম্পন অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের স্থায়ী হলেও এর তীব্রতা এতটাই ছিল যে মানুষ ঘর ছেড়ে খোলা মাঠে আশ্রয় নিতে বাধ্য হন। বারবার এই প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের মনে বড় কোনো বিপদের আশঙ্কা ঘনীভূত হচ্ছে।




