ফেরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মিজোরাম সীমান্তে কেশপুরের দুই যুবকের রহস্যমৃত্যু!

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চরকা গ্রাম এখন শোকে স্তব্ধ। রুটিরুজির টানে ফেরি করতে ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারালেন দুই বাসিন্দা, আরফিক খান এবং জাহাঙ্গির মির্জা। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তোষক বা গদি বিক্রির উদ্দেশ্যে অসমের শিলচরে গিয়েছিলেন তাঁরা। ১৭ মার্চের পর থেকে পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ হওয়ার কয়েকদিন কাটতে না কাটতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের নিথর দেহের ছবি। পরিবারের দাবি, শিলচর থেকে কোনোভাবে তাঁরা মিজোরামের চম্পাই হয়ে মায়ানমার সীমান্তে ঢুকে পড়েছিলেন। সেখানেই তাঁদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।