মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবার এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে জানিয়েছেন, আমেরিকা চাইলে মাত্র এক রাতেই গোটা ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং সেই রাতটি আজ মঙ্গলবারই হতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্পের একটি রহস্যময় পোস্ট— “মঙ্গলবার, রাত ৮টা, ইস্টার্ন টাইম!”— ঘিরে শুরু হয়েছে জল্পনা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ইরানে বড়সড় মার্কিন হামলার আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্পের দাবি, ইরান যদি অবিলম্বে বিতর্কিত চুক্তিতে রাজি না হয় এবং হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যের জন্য খুলে না দেয়, তবে তাদের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে, ইরানের পক্ষ থেকেও সুর নরম করার কোনো ইঙ্গিত মেলেনি। তেহরান উল্টে আমেরিকার সামনে ১০টি কঠিন শর্ত রেখেছে, যার মধ্যে গাজ়া ও লেবাননে যুদ্ধ বন্ধ এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণকেও স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে।
ইরানের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, ইরান এখন পুরোপুরি বিধ্বস্ত, তাই তারা বাঁচতে চাইছে। কিন্তু যুদ্ধবিরতির চাবিকাঠি যে একমাত্র তাঁর হাতেই, তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, “আমি ওদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওরা নেয়নি। এখন কে যুদ্ধবিরতি দেবে, সেটা শুধু আমিই ঠিক করব।” কূটনীতির লড়াই ছাপিয়ে এখন কেবলই বারুদের গন্ধ; আজ রাতের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায় কি না, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।




